
ইঞ্জিন ও বগির মাঝখানে সংযোগকারী হুক ভেঙে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন তিন ঘণ্টা ধরে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে থেমেছিল। এতে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। আজ রোববার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ট্রেনটি সেখানে অবস্থান করে। প্রথম আলোকে এ নিশ্চিত করেন শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হারুন-অর-রশিদ।
শ্রীপুর রেলস্টেশন এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, একটি বিকট শব্দ হওয়ার পরপরই স্টেশনে এসে দেখেন, সেখানে ট্রেন বিকল হয়ে দাঁড়িয়ে আছে। ইঞ্জিন ও বগির মাঝখানের সংযোগকারী হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ সমস্যা দেখা দেয়। ট্রেন বিকল হয়ে যাওয়ার পর যাত্রীরা বিপাকে পড়েন। দূরপাল্লার এই ট্রেনে কয়েক শ যাত্রী ছিল। অসহনীয় গরমে অতিষ্ঠ যাত্রীরা রেলস্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নেন। পরে অন্য স্টেশন থেকে একটি ইঞ্জিন এসে পুরো ট্রেনটিকে নির্দিষ্ট গন্তব্যের দিকে নিয়ে যায়।
তবে ট্রেনটি স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করায় ওই তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হারুন-অর-রশিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেলা ১১টা ৫ মিনিটে আন্তনগর ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস শ্রীপুর স্টেশনের ২ নম্বর লাইনে চলার সময় ট্রেনের বগি ও ইঞ্জিনের সংযোগকারী হুক ভেঙে যায়। এতে ইঞ্জিন ও বগি আলাদা হয়ে পড়ে। বেলা দুইটার দিকে অন্য একটি ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটিকে গন্তব্যে পাঠানো হয়।