একটি বাড়ির তিন স্থানে এমন বোমাসদৃশ বস্তু রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায়
একটি বাড়ির তিন স্থানে এমন বোমাসদৃশ বস্তু রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায়

কলারোয়ায় বাড়িতে ‘বোমাসদৃশ’ তিন বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একটি বাড়িতে বোমাসদৃশ তিনটি বস্তু পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। পাশাপাশি যশোর সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। রাত আটটা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।

বাড়ির মালিক দুই বোন সাজেদা ও মাজিদা। তাঁরা বলেন, সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হতে গেলে তাঁরা কলাপসিবল গেট, রান্নাঘর ও একটি শজনেগাছে বাঁধা অবস্থায় তিনটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। ভয়ে তাঁরা ঘর থেকে বের হতে না পেরে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান।

ভুক্তভোগীদের দাবি, কয়েক মাস আগে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়েছিল। এর পর থেকেই তাঁদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।

খবর পেয়ে পুলিশ পৌঁছে ঘটনাস্থল ঘিরে রাখে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যশোর সেনানিবাসের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বস্তুগুলো পরীক্ষা করবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।