
নেত্রকোনার মদন উপজেলায় বেঞ্চে বসা নিয়ে কথা-কাটাকাটির জেরে সহপাঠীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার বালালী বাঘমারা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ছুরিকাহত কিশোরের নাম রবি আওয়াল (১৬)। সে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। উপজেলার ফতেপুর ইউনিয়নের ছালাকন্দা গ্রামের হেলিম মিয়ার ছেলে রবি। সে দীর্ঘদিন ধরে নানার বাড়ি বালালী গ্রামে থেকে ওই বিদ্যালয়ে লেখাপড়া করে আসছিল। এ ঘটনায় অভিযুক্ত সহপাঠীও কিশোর। তার বয়সও ১৬ বছর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান বলেন, বেঞ্চে বসা নিয়ে দুই শিক্ষর্থীর মধ্যে বিরোধের জেরে রবি আওয়াল নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। এ নিয়ে বিদ্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শ্রেণিকক্ষে বেঞ্চে বসা নিয়ে রবি আওয়ালের সঙ্গে তার এক সহপাঠীর ঝগড়া হয়। দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। অন্য সহপাঠীরা দুজনকে থামিয়ে দেয়। দুপুরে বিরতির সময় রবি আওয়াল বিদ্যালয় থেকে বের হয়ে ফটকের সামনে আসে। এ সময় রবির ওই সহপাঠী কয়েকজন বন্ধুকে নিয়ে তাকে (রবিকে) মারধর ও ছুরিকাঘাত করে। বিষয়টি দেখে শিক্ষক-শিক্ষার্থীরা এগিয়ে এলে তারা সটকে পড়ে। আহত রবিকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রিফাত সাহিদ বলেন, ছুরিকাঘাতে ওই শিক্ষার্থীর ডান হাতসহ কয়েকটি স্থানে জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।