ভৈরবে টর্চের আলো জ্বালিয়ে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। গতকাল রোববার রাতে
ভৈরবে টর্চের আলো জ্বালিয়ে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। গতকাল রোববার রাতে

মাঠে ক্রিকেট নাকি ফুটবল—দ্বন্দ্বে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

কিশোরগঞ্জের ভৈরবে মাঠের এক পাশে ক্রিকেট খেলা হচ্ছিল, আরেক পাশে ফুটবল খেলা। মাঠে ক্রিকেট খেলা হবে নাকি ফুটবল—এই নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্র ধরে গতকাল রোববার রাতে টর্চের আলো জ্বালিয়ে কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ঘর ও দোকান। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার বালুর মাঠে একদিকে ফুটবল খেলা হচ্ছিল। আরেক দিকে ক্রিকেট খেলছিলেন কয়েকজন যুবক। ফুটবল খেলোয়াড়েরা চাচ্ছিলেন, মাঠে ক্রিকেট খেলা না হোক। অন্যদিকে ক্রিকেট খেলোয়াড়দের ইচ্ছা ছিল, ফুটবল খেলা না হোক। এর ফলে ঘোড়াকান্দা এলাকার মসজিদ বাড়ির যুবকদের সঙ্গে পলাশ সিনেমা হল মোড় এলাকার যুবকদের মধ্যে তর্ক হয়। এই নিয়ে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে রাত ৮টার দিকে দুই পক্ষ টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ রাত ১০টা পর্যন্ত চলে। দুই পক্ষই টর্চ ব্যবহার করায় পুলিশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ‘মূলত খেলার মাঠের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘাত সৃষ্টি হয়েছে। আমরা কয়েকজনকে আটক করেছি এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’