ফেনীতে বিএনপি নেতা-কর্মীদের ধরে পুলিশে দেওয়ার অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

ফেনীতে বিএনপির নেতা–কর্মীদের ধরে ধরে পুলিশ দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার আজ রোববার এ অভিযোগ করেন।

শেখ ফরিদ বাহার দাবি করেন, আজ বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবীর বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। এ সময় তাদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা তাঁর বাড়িতে যান। তিনি টের পেয়ে নিজ বসতঘর থেকে আত্মরক্ষার জন্য প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন। ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা ওই প্রতিবেশীর ঘরে তল্লাশি চালিয়ে নুর নবীকে ধরে বাড়ির উঠানে মারধর করেন। পরে তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন। ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

শেখ ফরিদ বাহার আরও অভিযোগ করেন, গতকাল শনিবার বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী ও সদর উপজেলার শর্শদী ইউনিয়নের যুবদল নেতা সরওয়ার মুহুরীকেও একই কায়দায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা–কর্মীরা মারধর করে ফেনী থানা–পুলিশে সোপর্দ করেন। ফরিদ বাহার বলেন, তাঁদের গায়েবি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ফেনী সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নাশকতার ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তার করছে। এসব ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ দাশ বলেন, নুর নবীকে তাঁরা গ্রেপ্তার করেছেন। পুলিশের সঙ্গে আর কেউ ছিলেন না।