
ফরিদপুরের সালথায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জমি লিজ ও দখলের বিষয়ে হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে প্রতিবেশী মাসুদ চৌধুরীর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। একপর্যায়ে শুক্রবার রাত ৯টার দিকে দুই পক্ষের সমর্থকেরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, রাত সাড়ে নয়টার দিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।