
সিলেটে গতকাল বুধবার রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। গতকাল রাত ১০টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে ফাল্গুন মাসের আকস্মিক এই বৃষ্টিকে মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাতই বলছে আবহাওয়া অধিদপ্তর।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসেন বলেন, গতকাল রাত ১০টা ৫২ মিনিটের দিকে সিলেটে বৃষ্টিপাত শুরু হয়। মুষলধারে বৃষ্টি ঘণ্টাব্যাপী স্থায়ী হয়েছিল। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলিসিয়াস এবং সর্বোচ্চ তাপামাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সিলেট নগরীসহ আশাপাশের এলাকায় রাত পৌনে ১১টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় নগরের বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাত ১২টার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করে।
এদিকে আজও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ সজীব হোসেন। তিনি বলেন, আজ বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা বৃষ্টিপাত আগামীকাল শুক্রবার পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে এরপর আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাধারণত ফেব্রুয়ারি মাসে এ ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে।