
নৌযানশ্রমিকদের বেতন–ভাতা বাড়ানোসহ ১০ দফা দাবিতে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে সারা দেশে দ্বিতীয় দিনের মতো যাত্রীবাহী নৌযান ধর্মঘট চলছে। গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। এর পর থেকেই ঢাকা নদীবন্দরসহ সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ আছে।
আজ সোমবার সকালে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। তবে আজ ভোর পাঁচটার দিকে দক্ষিণাঞ্চলের হাতিয়া ও বেতুয়া থেকে যাত্রীবাহী দুটি লঞ্চ সদরঘাট টার্মিনালে যাত্রী নামিয়ে দিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সকাল ৯টার দিকে সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা গেছে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার অনেক যাত্রী নিজ নিজ গন্তব্যে যেতে না পেরে টার্মিনালে রাত পার করেছেন। এ ছাড়া সকাল থেকেই বেশ কয়েকজন যাত্রীকে লঞ্চের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
চাঁদপুরগামী যাত্রী ইলিয়াস আলী বলেন, গতকাল রোববার সকাল ৯টার দিকে তিনি সদরঘাটে এসেছিলেন। দুপুর পর্যন্ত অপেক্ষা করে কোনো লঞ্চের দেখা না পেয়ে পরে ঢাকার ধানমন্ডিতে আত্মীয়ের বাসায় ছিলেন। লঞ্চ ধরতে আজ আবার সদরঘাট টার্মিনালে এসেছেন। তবে আজও লঞ্চ চলছে না। সড়কপথে হলেও আজ তাঁকে বাড়ি ফিরতেই হবে বলে জানান তিনি।
রফিক হাওলাদার নামে ভোলাগামী এক যাত্রী গতকাল বিকেল থেকে সদরঘাট টার্মিনালে লঞ্চের জন্য অপেক্ষা করছেন। রফিক হাওলাদার বলেন, ‘গতকাল বিকালে এসে দেখি লঞ্চ বন্ধ। ঢাকা শহরে কোথাও থাকার জায়গা নাই। তাই বাধ্য হয়ে আমার ছোট ছেলে ইমরানকে নিয়ে টার্মিনালেই রাত কাটায় দিছি। শ্রমিকদের সঙ্গে মালিকদের সমস্যা থাকতেই পারে। কিন্তু লঞ্চ বন্ধ রেখে যাত্রীদের কষ্ট দেওয়া ঠিক না। সরকারের এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা উচিত।’
লঞ্চমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক মামুন আল রশিদ বলেন, ‘যাত্রীদের কষ্টের কথা চিন্তা করে আমরা সরকার পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলাপ–আলোচনা করছি। আজ দুপুরে মালিক সমিতির নেতারা বৈঠক করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে শ্রমিক নেতারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মানিক শরিফ বলেন, শ্রমিকদের বেতন–ভাতা বৃদ্ধিসহ ন্যায্য ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।