ঠাকুরগাঁও ছাত্রলীগ

নেতৃত্বশূন্যতায় স্থবির কার্যক্রম 

প্রতিটি ইউনিট দ্রুত পুনর্গঠন না করতে পারলে নির্বাচনের সময় মাঠ ধরে রাখা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেন সংগঠনটির সাবেক নেতারা। 

ঠাকুরগাঁও জেলার মানচিত্র
ঠাকুরগাঁও জেলার মানচিত্র

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের ইউনিট আছে ১৬টি। এর মধ্যে ১০টি ইউনিটে কোনো কমিটি নেই। যে ছয়টি ইউনিটে কমিটি আছে, তা আবার আংশিক। এ অবস্থায় ভেঙে দেওয়া হয়েছে জেলা কমিটি। ফলে স্থবির হয়ে পড়েছে জেলা ছাত্রলীগের কর্মকাণ্ড। ছাত্রলীগের সাবেক নেতারা বলছেন, জেলায় ছাত্রলীগের এমন নাজুক অবস্থা এর আগে কখনো দেখেননি তাঁরা।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (১৯৭৯-১৯৮১) শফিকুল ইসলাম বলেন, ‘সংগঠন সব সময় একই তালে চলে না। জোয়ার-ভাটা রয়েছে। তবে এখন যেভাবে ছাত্রলীগ চলছে, তাকে চলা বলে না। আমরা একটা প্রতিকূল অবস্থার মধ্যে ছাত্রলীগের সব ইউনিট সচল রেখেছিলাম। কিন্তু এখন তো পরিবেশ অনুকূলে থেকেও সংগঠনের অবস্থা নাজুক। আমার দেখা সময়ের মধ্যে ছাত্রলীগের এমন নাজুক অবস্থা আর কখনো ছিল না। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিট পুনর্গঠন করে ছাত্রদের হাতে ছাত্রলীগের নেতৃত্ব তুলে দিতে না পারলে নির্বাচনের মাঠ ধরে রাখা কঠিন হয়ে যাবে।’

জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আজহারুল ইসলাম বলেন, জেলার পাঁচটি উপজেলা, সাতটি সরকারি কলেজ, তিনটি পৌরসভা ও একটি থানায় ছাত্রলীগের কমিটি আছে। উপজেলা ইউনিটের মধ্যে গত বছরের ১৭ মার্চ সদর উপজেলা, ২০২১ সালের ১৮ অক্টোবর বালিয়াডাঙ্গী ও ২০১৮ সালের ২১ জুন রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর সেখানে আর কমিটি করা হয়নি। গত বছরের ৩ নভেম্বর হরিপুর ও রুহিয়া থানা ও ২২ নভেম্বর পীরগঞ্জ উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেখানে এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

নেতা-কর্মীরা বলেন, ২০০৪ সালে সর্বশেষ রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন খাইরুল ইসলাম সভাপতি ও রানীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ ১২ বছর পর ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর তা বিলুপ্ত ঘোষণা করা হয়। ২০১৭ সালের জুন মাসে সোহেল রানাকে আহ্বায়ক করে উপজেলা কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এ কমিটি প্রত্যাখ্যান করে ছাত্রলীগের একাংশ। 

ওই বছরের সেপ্টেম্বরে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষে ঘটনার পর ২০১৮ সালের ২১ জুন উপজেলার আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করে জেলা ছাত্রলীগ। এর পর থেকে রানীশংকৈলে ছাত্রলীগের আর কমিটি গঠন করা হয়নি।

বিলুপ্ত কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন তামিম হোসেন। তিনি বলেন, রানীশংকৈল উপজেলায় ১৯ বছর ধরে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কোনো কর্মকাণ্ড নেই বললেই চলে। অথচ এ সময়ের মধ্যে উপজেলায় চার থেকে পাঁচবার ছাত্রদলের কমিটি হয়েছে। কমিটি গঠনে উদ্যোগ না নেওয়ায় যাঁদের নেতৃত্বের যোগ্যতা ছিল, তাঁদের অনেকেই নিরুৎসাহিত হয়ে সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় ছাত্রলীগ, জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি।

পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় গত বছরের ১৭ মার্চ ঠাকুরগাঁও পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। গত বছরের ২২ নভেম্বর পীরগঞ্জ পৌরসভা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু আট মাস পরও সেই আংশিক কমিটি পূর্ণাঙ্গ হয়নি। আর রানীশংকৈল পৌর কমিটি ২০১৮ সালে গঠন করা হলেও তা এখন সক্রিয় নয়। দীর্ঘদিন জেলার ছয়টি সরকারি কলেজে ও একটি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের কমিটি নেই। শুধু পীরগঞ্জ সরকারি কলেজে আংশিক কমিটি আছে। 

ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগ থেকে নির্বাচিত হয়েছিলেন কমল কুমার দাস। তিনি বলেন, ঠাকুরগাঁও সরকারি কলেজ হলো জেলার ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু। কলেজ ঘিরেই ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। ২০১৫ সাল থেকে সেই কলেজে ছাত্রলীগের কমিটি নেই। এ থেকে বোঝা যায়, সেখানে সংগঠনটির কার্যক্রমও নেই। আর এ কারণে জেলা পর্যায়েও নেতৃত্বের বিকাশ নেই।

এ অবস্থার মধ্যে গত ৯ জুলাই কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর সংগঠনটি মূলত নেতৃত্বশূন্য হয়ে পড়েছে।

১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন জাহিরুল ইসলাম। তিনি এখন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগের হাতিয়ারই হলো ছাত্রলীগের সদস্যরা। ছাত্রলীগ থেকেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসে। কিন্তু জেলার ছাত্রলীগে যে নেতৃত্বশূন্যতা চলছে, তা একদিন আওয়ামী লীগের নেতৃত্বেও প্রভাব ফেলবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ও ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন। তিনি বলেন, অনেক বছর ধরে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রায় সব ইউনিটই নড়বড়ে অবস্থা। সংগঠনের ভিত্তি শক্ত করার উদ্যোগও নেই। ছাত্রলীগের এমন পরিস্থিতিতে তিনি হতাশ। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলবেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন মুঠোফোনে বলেন, এখন ছাত্র নেতৃত্বের কাছে সবারই প্রত্যাশা থাকে। দ্রুত সময়ের মধ্যে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সব ইউনিটেই কমিটি দেওয়া হবে।