বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা

সকাল ১০টার দিকে কালিয়াকৈর থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়
ছবি: প্রথম আলো

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মৌচাক এলাকার নিউ লাইন ক্লোথিংস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার সামনের মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

কারখানার শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন মাস ধরে নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের শ্রমিকদের বেতন বকেয়া আছে। এ ছাড়া কারখানার কর্মকর্তা-কর্মচারীরা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। কারখানা মালিক কর্তৃপক্ষ একাধিকবার বেতনের আশ্বাস দিলেও পরে নানা টালবাহানা করে বেতন বকেয়া রেখেছে। বেতন না দিয়ে মাঝেমধ্যে কারখানাও বন্ধ করে রাখছে কর্তৃপক্ষ। এর মধ্যে আজ সকালে শ্রমিকেরা কারখানায় গেলে জানতে পারেন, কারখানা আবার বন্ধ ঘোষণা করা হয়েছে। বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ দেওয়ার কারণে শ্রমিকেরা উত্তেজিত হয়ে সকাল সাড়ে নয়টার দিকে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, মহাসড়ক অবরোধের খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশের ওপরে চড়াও হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ১০টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার অপারেটর লতিফ হোসেন বলেন, ‘আমরা তিন মাসের বেতন পাব। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দিয়ে নানাভাবে টালবাহানা করছে। বেতন না পাওয়ায় ঘর ভাড়া দিতে পারছি না। দোকান অনেক টাকা বাকি হয়ে গেছে।’

সুইং সেকশনের শ্রমিক আলেয়া খাতুন বলেন, প্রতি মাসে কারখানা কর্তৃপক্ষ বলছে, ‘আজ বেতন দেওয়া হবে, কাল দেওয়া হবে।’ এভাবে প্রায় তিন মাস হয়ে গেছে। তবু বেতন দিচ্ছে না। ফলে বাধ্য হয়েই শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প) জালাল উদ্দীন বলেন, মহাসড়কে ওপর থেকে শ্রমিকদের সরে যেতে বলা হলে তাঁরা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পুলিশ বাধ্য হয়ে লাঠিপেটা করেছে। এ ছাড়া শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কারখানার মালিক পুলিশকে জানিয়েছেন, মালিক দেশের বাইরে আছেন। ফিরে এসে তিনি ৩০ ডিসেম্বর তিনি শ্রমিকদের বেতন পরিশোধ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।