ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শাহাদাৎ হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সোহেল আকন নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলে সাধারণ সম্পাদকসহ মোট সাতটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। অপর দিকে জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেনের প্যানেল চারটি পদে জয়লাভ করে। জামায়াত সমর্থিত দুটি পদে প্রার্থী থাকলেও তাঁরা কেউ নির্বাচিত হননি।
সভাপতি পদে শাহাদাৎ হোসেন ৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহেব হোসেন পেয়েছেন ৭৪ ভোট। ৭৭ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন হারুন অর রশীদ। সাধারণ সম্পাদক পদে সোহেল আকন ৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমুল হাসান পেয়েছেন ৫৩ ভোট।
এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে গোলাম সরওয়ার ৬৭ ভোট, মিজানুর রহমান ৭০ ভোট, অর্থ সম্পাদক পদে আরিফ হোসেন ৯২ ভোট, ভিজিল্যান্স সম্পাদক পদে মোফাজ্জেল হোসেন ১২১ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে ফিরোজ হোসাইন ৭৬ ভোট, ভর্তি সম্পাদক পদে আমির হোসাইন ৭৮ ভোট, নির্বাহী সদস্য পদে আককাস সিকদার ১১২ ভোট ও মোবাশ্বের ভুইয়া ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন বলেন, ভোট গ্রহণের পর ব্যালট গণনা শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে এবং আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।