
ঢাকার কেরানীগঞ্জে বাক্প্রতিবন্ধী এক নারীকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এলাকাবাসী ও স্বজনদের দাবি, ওই নারীকে ধর্ষণের পর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বুধবার কেরানীগঞ্জের কলাতিয়ার আহাদীপুর, রনজিতপুর ও সাদুল্লাপুর এলাকার কয়েক শতাধিক মানুষ দফায় দফায় বিক্ষোভ করেছেন।
সাদুল্লাপুর এলাকায় বিক্ষোভে অংশ নেওয়া গৃহবধূ আঞ্জুমান বেগম বলেন, ‘আমরা দোষীদের ফাঁসি চাই না। যারা এ ঘটনা ঘটায়ছে, ওগো পেট্রল দিয়ে পুড়াইয়া মাইরা ফেলান দরকার। তাইলে জানোয়ারেরা বোবা মাইয়াডার মৃত্যুর কষ্টডা বুঝত।’
গত সোমবার দিবাগত রাতে জাতীয় জরুরি সেবা নম্বরের (৯৯৯) মাধ্যমে খবর পেয়ে শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি সড়ক এলাকা থেকে দগ্ধ অবস্থায় বাক্প্রতিবন্ধী ওই নারীকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া নারীর বয়স ৩২ বছর। তিনি কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মো. বাবুল (৫২)। তিনি পেশায় মুদিদোকানি। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক বাসিন্দা বলেন, মুদিদোকানি বাবুল বাক্প্রতিবন্ধী নারীর সঙ্গে মাঝেমধ্যে ইশারায় কথা বলতেন। গত মঙ্গলবার বিকেলে সুযোগ বুঝে বাবুল, ট্রাকচালক সুজন মিয়াসহ কয়েকজন পরিকল্পিতভাবে ওই নারীকে অপহরণ করে সিএনজিতে করে অন্যত্র নিয়ে যান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান বলেন, দগ্ধ বাক্প্রতিবন্ধী নারী নিহতের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তাঁর ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে নিহত বাক্প্রতিবন্ধী নারীর বাড়িতে গিয়ে দেখা গেছে, পরিবারের সদস্যরা তাঁকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার চেয়ে কান্নাকাটি করছেন। নিহত নারীর ছোট বোন বলেন, ‘আমার বোন কোনো দোষ করেনি। সে বাক্প্রতিবন্ধী হওয়ায় তার দুর্বলতার সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে আমার বোনকে অপহরণে করে। পরে তাকে কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের পর নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। আমি আমার বোনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই, যাতে আর কোনো মেয়ের ভাগ্যে এমন ঘটনা না ঘটে।’
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবির বলেন, নারীকে অপহরণ করে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। নিহত নারী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।