পাবনায় এক বছরে বিএনপির ৯টি কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএনপির লোগো
বিএনপির লোগো

পাবনায় বিএনপির কমিটি গঠন নিয়ে জটিলতা দিন দিন তীব্র আকার ধারণ করছে। তিন মাসের জন্য গঠন করা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এরই মধ্যে দায়িত্ব পালন করেছে আড়াই বছর। এ সময়ের মধ্যে জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভায় নতুন কমিটি গঠন করা হয়েছিল। মাত্র এক বছরের মাথায় নবগঠিত ৯টি কমিটিই আবার বিলুপ্ত ঘোষণা করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

গত রোববার রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্যসচিব মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে দলে আরও তীব্র ভাঙন সৃষ্টি হবে বলে মনে করছেন জ্যেষ্ঠ নেতারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে নবগঠিত চাটমোহর উপজেলা ও পৌরসভা, ভাঙ্গুড়া উপজেলা ও পৌরসভা, সদর উপজেলা ও পৌরসভা, আটঘরিয়া উপজেলা ও পৌরসভা এবং ঈশ্বরদী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। আজ সোমবার থেকে এই আদেশ কার্যকর হয়।

জেলা বিএনপির সবশেষ বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, দীর্ঘদিনের কমিটি জটিলতাই বিএনপিকে বিভক্ত করছে। জেলা বিএনপিতে বারবার ব্যর্থ নেতাদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করায় এই অবস্থা তৈরি হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের গুরুত্ব না দিলে এই ভাঙন আরও তীব্র আকার ধারণ করবে।

জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সালের ২২ জানুয়ারি জেলা বিএনপির সবশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সেই থেকে বিভক্তি শুরু জেলা বিএনপিতে। তৈরি হয় ‘বিএনপি রক্ষা কমিটি’। ২০১৯ সালের ৩ জুলাই কেন্দ্রীয় বিএনপি পূর্ণাঙ্গ কমিটি ভেঙে ৪৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে। কমিটিতে বিএনপির নেতা হাবিবুর রহমান আহ্বায়ক ও সিদ্দিকুর রহমানকে সদস্যসচিব করা হয়। এ কমিটির দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে জেলার ৯টি উপজেলা ও ৯টি পৌরসভার ১৮টি নতুন কমিটি গঠন করা।

নেতা-কর্মীরা আরও জানান, ওই ৯টি কমিটি নিয়ে দলের মধ্যে আগে থেকেই অসন্তোষ ছিল। দুই ভাগে বিভক্ত হয়ে আছেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতা-কর্মীরা। হঠাৎ এই কমিটি বিলুপ্ত করায় অসন্তোষ আরও তীব্র আকার ধারণ করেছে। এতে বিএনপিতে বড় ধরনের ভাঙন সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, বিএনপিতে কোনো বিরোধ নেই। ভাঙনের কোনো আশঙ্কাও নেই। নির্ধারিত সময় বেঁধে দিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণেই কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগির সম্মেলনের মাধ্যমে ৯টি উপজেলা ও ৯টি পৌরসভার ১৮টি নতুন কমিটি গঠন করা হবে।

২০১৯ সালে তিন মাসের জন্য গঠন করা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আড়াই বছর দায়িত্ব পালন করে। এরপর গত ১৫ এপ্রিল সেই কমিটি ভেঙে ৬ সদস্যর আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় বিএনপি। এর মাত্র কয়েক মাস পর গত ২২ আগস্ট আবার ৬ সদস্যর কমিটি ভেঙে ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিয়েও দলে অসন্তোষ তৈরি হয়েছে। এ নিয়ে ৫ সেপ্টেম্বর প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।