
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার থেকে ছিটকে পড়ে সামিয়া জাহান নামের এক তরুণীর (২২) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ মিয়া। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় সামিয়া জাহান নিহত হয়েছেন। গাড়ির চালক সাইদুল আলম সামান্য আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালে রাখা হয়েছে। আহত চালকও সেখানে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, সামিয়া জাহান নগরের হাজেরা তজু ডিগ্রি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। তিনি অর্থনীতি বিভাগে পড়াশোনা করছিলেন। তাঁর বাবা মো. আবু তালেব পাটোয়ারি ও মা নাসিমা সুলতানা।
নিহত সামিয়ার মামা গিয়াস উদ্দিন শিকদার প্রথম আলোকে বলেন, আজ পরীক্ষা দিতে কলেজে গিয়েছিলেন সামিয়া। সেখান থেকে তাঁকে পতেঙ্গা এলাকায় নেওয়া হয়। তবে গাড়ির চালককে তাঁদের পরিবারের কেউ চেনেন না। বেলা সাড়ে তিনটার দিকে দুর্ঘটনার খবর পান তাঁরা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, নিহত সামিয়ার পরিবারের সদস্যরা থানায় এলে বিস্তারিত তথ্য জানা যাবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।