
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ডেভিড হোসেন ওরফে রিয়াজসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে তিনি গুলিবিদ্ধ হন বলে পুলিশের দাবি।
গতকাল মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ওই ছয়জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ফতুল্লার হাশেমবাগ এলাকার ডেভিড হোসেন, তাঁর ভাই আবদুল্লাহ ও তাঁদের সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া আদর ও আজাদ নামের আরও দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, কনস্টেবল আনোয়ার হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আবদুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং অন্যদের ফতুল্লার আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় ডেভিড দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে তাঁর ডান পা গুলিবিদ্ধ হয়। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ সদস্য হত্যার পাশাপাশি মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে গুলিবিদ্ধ ডেভিডকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার প্রথম আলোকে বলেন, ডেভিড নামের একজনকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। পুলিশ পাহারায় তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আবদুস সাত্তারের নেতৃত্বে সাদাপোশাকে একটি দল ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যায়। তাঁদের মধ্যে ছিলেন কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় মাদক কারবারি ও দুষ্কৃতকারীরা পুলিশ সদস্যদের ওপর হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে কনস্টেবল আনোয়ারকে গুরুতর জখম করে। দ্রুত তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। কনস্টেবল আনোয়ার ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্দ গ্রামে।