ডাকাতি
ডাকাতি

ডাকাতি করতে গিয়ে ডাকাত নিহত, বাড়ির মালিকসহ আহত ২

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে ডাকাতি করতে গিয়ে বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে এ কথা জানা গেছে।

নিহত দুলালের বাড়ি বরিশালের হিজলা উপজেলার একতাবাজার এলাকায়। এ ঘটনায় আহত বাড়ির মালিক উজ্জ্বল বাহাদুর (৫১) এবং তাঁর ছেলে মিশকাফ বাহাদুরকে (১৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে ৭ জন ডাকাত উজ্জ্বল বাহাদুরের বাড়িতে হানা দেয়। ঘরে ঢুকেই তারা ধারালো অস্ত্র নিয়ে বাড়ির মালিকের ওপর হামলা চালায়। একপর্যায়ে বাড়ির লোকজনের সঙ্গে ডাকাত দলের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। তবে গুরুতর আহত এক ডাকাত ঘটনাস্থলে পড়েছিল। পরে স্থানীয় লোকজন বাড়ির আহত দুই সদস্য ও ডাকাতকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান বলেন, আহত এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনার কিছু সময় পর মারা যান। এ ছাড়া আহত বাড়ির মালিক ও তাঁর ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।