রায়পুরায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আরও চার আসামি গ্রেপ্তার

নিহত ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল মানিক
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরার মির্জারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাফর ইকবালকে গুলি করে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল রোববার মধ্যরাতে জেলা শহরের শাপলা চত্বর ও মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের হাতে গ্রেপ্তার চারজন হলেন মির্জারচর ইউনিয়নের মির্জারচর গ্রামের মো. নাসির মিয়া (২৪), মো. জুয়েল মিয়া (২২), মো. দুলাল (৩২) ও পার্শ্ববর্তী বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি গ্রামের মো. বাবুল মিয়া (৪৮)। এর আগে দুই দফায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মহরম আলী (৪৮), মো. আবদুল্লাহ (৩৫), রমজান মিয়া (২৮) ও রাসেল ওরফে এবাদুল্লাহ (৩৫) নামের আরও চারজন।

৩ ডিসেম্বর বিকেল চারটার দিকে রায়পুরার মির্জারচর ইউনিয়নের শান্তিপুর বাজার এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে দুর্বৃত্তের গুলিতে আহত হন চেয়ারম্যান জাফর ইকবাল। এ সময় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ চেয়ারম্যানকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাফর ইকবাল রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল মির্জারচর ইউপির পরপর দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। এ হত্যাকাণ্ডের দুই দিন পর নিহত চেয়ারম্যানের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় মামলা করেন।

র‍্যাব বলছে, রায়পুরার চরাঞ্চল মির্জারচর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান জাফর ইকবালকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে করা পরিকল্পনা অনুযায়ী ৩ ডিসেম্বর বিকেলে ইউনিয়নটির শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি সভা শেষে ফেরার পথে চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেন প্রতিপক্ষের আসামিরা। চেয়ারম্যান হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত ব্যক্তিদের ধরতে তারা গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল। র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গতকাল রাতে গ্রেপ্তার চারজনই চেয়ারম্যান হত্যায় সরাসরি জড়িত ছিলেন বলে তাদের কাছে স্বীকার করেছেন।

র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, ‘গ্রেপ্তার চারজনকে ইতিমধ্যে জেলা গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা যা নেওয়ার তারাই নেবে। এই হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি আমরা।’

নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজন জানান, ২০১৫ সালে মির্জারচর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ–মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন ফারুকুল ইসলাম। ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর ইকবাল। পরে গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান ফারুকুল ইসলামের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া। তাঁর সঙ্গেও বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন জাফর ইকবাল। তাঁর কাছে পরাজয়ের জেরে ছয় থেকে সাত বছর ধরে জাফরের প্রতিপক্ষে পরিণত হন ফারুকুল ও ফিরোজ মিয়া। বিভিন্ন সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আরও জানান, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজয়ের পর থেকেই এলাকাছাড়া ছিলেন ফিরোজ মিয়ার শতাধিক কর্মী-সমর্থক। ওই দিন সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘিরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পরাজিত প্রার্থীর লোকজন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। গত শুক্রবার পর্যন্ত তাঁরা এলাকার বাইরে ছিলেন। শুক্রবার বিষয়টির সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপস-মীমাংসার জন্য বসে দুই পক্ষ। তাৎক্ষণিক সমাধান না হওয়ায় পরবর্তী শুক্রবার আবার বসার তারিখ নির্ধারণ করে ফিরোজের কর্মী-সমর্থকেরা সভা ছেড়ে চলে যান। পরদিন, অর্থাৎ গত শনিবার বিকেলে চেয়ারম্যান জাফর ইকবালকে হত্যা করা হয়।