
রাজবাড়ীতে স্পেশাল টাস্কিং গ্রুপ (এসটিজি) নামের পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাশকতা প্রতিরোধ ও নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দলটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রকম বিশেষ একটি দলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দলের সদস্য ১৫ জন। তাঁরা সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল হিসেবে কর্মরত। এ সময় পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইখতেখারুজ্জামান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর স্পেশাল টাস্কিং গ্রুপের সদস্যরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। এ সময় বিশেষ দলের সদস্যদের পরনে ছিল সাদা কলারের মেরুন রঙের টি–শার্ট ও খাকি প্যান্ট। তাঁদের সবার হাতে ছিল আধুনিক অস্ত্র।
জানতে চাইলে পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, ‘এটি আসলে বিশেষ কিছু না। বিভিন্ন জেলায় কুইক রেসপন্স টিম নামের একটি দল কাজ করছে। আমরা নামটি পরিবর্তন করেছি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা থাকে। অবৈধ অস্ত্রের ব্যবহারও দেখা দিতে পারে। এসব কর্মকাণ্ড প্রতিহত করার জন্য এই বিশেষ দল গঠন করা হয়েছে।’
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘রাজবাড়ীতে এখনো কোনো অভিযান পরিচালনা করা হয়নি। কারণ, রাজবাড়ীতে এখনো বড় ধরনের কোনো নাশকতার ঘটনা ঘটেনি। পরিস্থিতি বিবেচনায় এই দল দিয়ে অভিযান পরিচালনা করা হবে। আমরা মূলত বিশেষ মুহূর্তে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দলটি গঠন করেছি। দলটি শুধু নাশকতার বিষয় দেখভাল করবে।’
জানা যায়, বিশেষ এই দলের সার্বিক নেতৃত্বে থাকবেন পুলিশ সুপার। দলটির দেখভাল করার দায়িত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। পাঁচটি উপজেলা নিয়ে রাজবাড়ী জেলা গঠিত। জেলায় সংসদীয় আসন রয়েছে দুটি। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী-১ আসন। অপর দিকে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা নিয়ে রাজবাড়ী-২ আসন গঠিত। দুটি আসনেই আওয়ামী লীগের বর্তমান দুই সংসদ সদস্য দলীয় মনোনয়ন পেয়েছেন। রাজবাড়ী-১ আসনের মনোনয়ন পেয়েছেন কাজী কেরামত আলী এবং রাজবাড়ী-২ আসনের মনোনয়ন পেয়েছেন মো. জিল্লুল হাকিম।