উলিপুরের পান্ডুল ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের লোকজন সবকিছু জেনেও তাঁদের ঘর বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২–এর ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের লোকজনকে না দিয়ে সচ্ছল ব্যক্তিদের বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা গ্রামে প্রকল্পের সাতটি ঘরের মধ্যে দুটি ঘরই জমি ও সেমি পাকা ঘর আছে, এমন ব্যক্তিরা পেয়েছেন। এলাকার লোকজনের অভিযোগ, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের লোকজন সবকিছু জেনেও তাঁদের ঘর বরাদ্দ দিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ পাকা ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। জেলার ৯ উপজেলায় তৃতীয় দফায় ৬৩১টি ভূমিহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়। এর মধ্যে উলিপুর উপজেলায় ১৮০টি ভূমিহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়।
আপুয়ারখাতা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গিয়ে ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে দেখা যায়, ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ দেওয়া ঘর ও জমি পেয়েছেন গ্রামের শ্যামল চন্দ্র বর্মন। তাঁর বাবার নাম কামিনী কান্ত রায়। শ্যামলের পারিবারিক ১০ শতক জমির ওপর সেমি পাকা দালান রয়েছে। এখনো রঙের কাজ বাকি। এ ছাড়া ৮০ শতক কৃষিজমিতে আমন ধান চাষ করেছেন। শ্যামল ও তাঁর বাবা একসঙ্গে থাকেন।
আশ্রয়ণ প্রকল্পে শ্যামল চন্দ্র বর্মনের পাশের ঘরটি পেয়েছেন ধনঞ্জয় কুমার বর্মন। তাঁর বাবার নাম করুণা চন্দ্র বর্মন। তাঁদেরও আছে সেমি পাকা ঘর। বর্তমানে পোশাক কারখানায় চাকরি করতে ঢাকায় আছেন ধনঞ্জয়। প্রায় এক একরের মতো আবাদি জমিও তাঁদের আছে। অথচ তাঁকেও ভূমিহীন দেখিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে।
সরেজমিনে ৬ জানুয়ারি আপুয়ারখাতা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, ধনঞ্জয় ও শ্যামলের ঘর তালাবদ্ধ। কিছুক্ষণ পর সাংবাদিক আসার খবর পেয়ে শ্যামল সেখানে আসেন এবং গোসল করে ঘরের সামনে কাপড় শুকাতে দেন।
এ বিষয়ে ধনঞ্জয় কুমার মুঠোফোনে বলেন, তাঁর বাবার নামে অনেক সম্পত্তি আছে। তাঁর নিজের নামে তো জমি নেই। তিনি গরিব মানুষ। এ জন্য তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য আবেদন করেছেন। সরকারের লোকজন অনুসন্ধান করেই তাঁকে ঘর ও জমি দিয়েছেন।
আপুয়ারখাতা গ্রামের গৃহহীন শাহের বানুর ছেলে এরশাদুল ইসলাম বলেন, আশ্রয়ণ প্রকল্পের কাজ শুরু করার পর উলিপুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একদিন এখানে এসে বললেন, যাঁদের ঘর ও জমি নেই, তাঁরা আবেদন করলে ঘর ও জমি পাবেন। এ জন্য তাঁর মায়ের নামে ঘরের জন্য আবেদন করেন। কিন্তু কিছুদিন পর দেখেন, শ্যামল ও ধনঞ্জয়ের নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। তাঁদের নাম নেই।
এরশাদুল ইসলাম বলেন, ‘শ্যামলের বাড়ির গেট করতে যে টাকা খরচ হইছে, সেই টাকায় হামরা এক শতক জমি ও ঘর করবের পামো। অথচ সরকার ওমাকে ঘর বরাদ্দ দিল।’
এ বিষয়ে শ্যামল বলেন, ‘যে জমিতে আশ্রয়ণ প্রকল্প হয়েছে, সেই জমিটি আমার পৈতৃক সম্পত্তি। ব্রিটিশ ও বাষট্টি খতিয়ানে আমাদের ছিল। কিন্তু ১৯৯২ সালের রেকর্ডের সময় তা সরকারের খাস খতিয়ানে চলে যায়। জমির পূর্ব মালিক আমরা হওয়ায় ইউনিয়নের তহসিলদারের পরামর্শে আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য আবেদন করেছি। ইউএনও স্যার সরেজমিনে এসে দেখে গেছেন। তিনি তহসিলদারকে যেভাবে বলেছেন, সেভাবেই আমাকে ঘর ও জমি বরাদ্দ দিয়েছে।’
এ বিষয়ে পান্ডুল ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহন্ত কুমার সরকার বলেন, ভূমিহীনদের সনদ দিয়ে থাকেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সনদ দিয়েছেন, সেই অনুযায়ী তাঁরা ঘর ও জমি পেয়েছেন। চেয়ারম্যান যাঁকে ভূমিহীন মনে করেছেন, তাঁকে সনদ দিয়েছেন। তিনি তদন্ত করে শ্যামল ও ধনঞ্জয়ের নিজের নামে কোনো জমি পাননি। তবে তাঁদের বাবার নামে জমি আছে।
পান্ডুল ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
উলিপুরের ইউএনও শোভন রাংসা প্রথম আলোকে বলেন, ‘আমি এই উপজেলায় আসার আগে আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর ও জমি বরাদ্দ দেওয়া হয়েছে। আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। আমি এসে অনিয়মের বিষয়টি মৌখিকভাবে জেনেছি। আমি অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানিয়েছি। লিখিত অভিযোগ পেলে আশ্রয়ণ প্রকল্পে বিত্তবানদের বরাদ্দ দেওয়া ঘর বাতিল করে ভূমিহীনদের মধ্যে দেওয়া হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ভূমিহীনদের জন্য বরাদ্দ ঘর বিত্তবানরা পেয়েছেন, এ রকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ তাঁর কাছে নেই। তিনি ইউএনওর কাছ থেকে বিস্তারিত জেনে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।