কুষ্টিয়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তবে সেই অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। আজ শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। সকালে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ৪৭ বিজিবির অধীন জয়পুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/১-এস–সংলগ্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের এ চেষ্টা চালানো হয়। ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন ট্রান্সজেন্ডার ব্যক্তি ছিলেন।
বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্তে দায়িত্ব পালনরত টহলদল তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে অনুপ্রবেশের চেষ্টাকারীরা নদীপথেই আবার ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।