মেসির জয় উদ্‌যাপনে সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া

আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় ৯ দিনে সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আসেন তাম্মাত। রোববার বেলা ১১টার দিকে বাংলাবান্ধার জিরো পয়েন্টে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার শিরোপা জয় এবং প্রিয় তারকা খেলোয়াড় লিওনেল মেসির জয় উদ্‌যাপনে টানা ৯ দিন সাইকেল চালিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় এসেছেন তাম্মাত বিল খয়ের (২৩)।

আজ রোববার বেলা ১১টার দিকে তিনি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছান। এর আগে ২৪ ডিসেম্বর সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে যাত্রা করেন তিনি।

ফুটবলে আর্জেন্টিনা দলের সমর্থক তাম্মাত বিল খয়ের। দেশটির তারকা ফুটবলার মেসির ভক্ত তিনি। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো খেলায় নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন মেসি।

আর্জেন্টিনা ও মেসিতে মুগ্ধ তাম্মাত তাই প্রিয় খেলোয়াড়ের অর্জনকে স্মরণীয় করে রাখতে সাইকেল চালিয়ে প্রায় ১ হাজার ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এ সাইকেল যাত্রা তিনি উৎসর্গ করেছেন মেসিকে।

তাম্মাতের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। জন্ম চট্টগ্রামে। বাবা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত আলী সিকদার ও মা গৃহিণী নুর জাহান বেগম থাকেন চট্টগ্রামে। ছয় ভাই ও এক বোনের মধ্যে তাম্মাত সবার ছোট। তিনি বাংলাদেশ পুলিশের সাইক্লিং দলের চুক্তিভিত্তিক একজন খেলোয়াড়।

তাম্মাত জানান, ২০১৯ সালের ২৫ অক্টোবর চট্টগ্রাম থেকে সাইকেলে ৬৪ জেলা ভ্রমণে বের হন। ১৫ দিনের ভ্রমণে সাইকেলে পাড়ি দেন ৩ হাজার ৯৭০ কিলোমিটার। ছোটবেলা থেকে সাইকেল চালানোর শখ তাঁর। একসময় সাইকেলে ভ্রমণের ইচ্ছা পেয়ে বসে। ২০১৭ সালের এপ্রিলে ২৫ দিনে সারা দেশ ভ্রমণ করেছিলেন তিনি।

তাম্মাত প্রথম আলোকে বলেন, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর মেসির জন্য স্মরণীয় কিছু করার অংশ হিসেবে তাঁর এ সাইকেল যাত্রা। ২৪ ডিসেম্বর সকাল নয়টায় টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে যাত্রা করেন তিনি। এরপর কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, টাঙ্গাইল, জামালপুরের দেওয়ানগঞ্জ হয়ে ট্রলারে করে যমুনা নদী পার হন। পরে গাইবান্ধায় পৌঁছান। এরপর রংপুর হয়ে রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট পৌঁছান।

তাম্মাত আরও বলেন, ‘প্রিয় মেসিকে স্মরণে রাখতে সাইকেল যাত্রায় বের হয়েছিলাম। পথে পথে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। প্রিয় খেলোয়াড় মেসির সমর্থকেরা উৎসাহ দিয়েছেন।’ তিনি বলেন, আগেও সারা দেশ ভ্রমণ করার সময় কোথাও অসুবিধা হয়নি। তাঁর সফর চলাকালে যাঁরা তাঁকে বিভিন্নভাবে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের কাছে তিনি কৃতজ্ঞ।