
শরতের সকালে কুড়িগ্রামে হালকা শীতের আমেজও টের পাওয়া যাচ্ছিল। শিশিরস্নাত সকালে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায়। কারও চোখে ভবিষ্যতের স্বপ্ন, কারও মুখে সাফল্যের উচ্ছ্বাস।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে কুড়িগ্রামে শুরু হয় ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা’। সকাল ১০টায় বন্ধুসভার বন্ধুদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ রাশেদুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ, সাংবাদিক আরিফুল হক ও সফি খান।
উলিপুরের সাতদরগা থেকে নাতনি শামসুন্নাহার জামানকে নিয়ে অনুষ্ঠানে এসেছেন নানা মহুবর রহমান। থেতরাই বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শামসুন্নাহার এবার উলিপুর সরকারি কলেজে ভর্তি হয়েছে।
শামসুন্নাহার বলে, ‘সকাল সাতটায় না খেয়েই অটোরিকশায় করে আসতে হয়েছে। সকাল থেকেই টেনশনে ছিলাম, এখানে এসে ভালো লাগছে।’
প্রথম আলোর সঙ্গে পারিবারিক স্মৃতির কথাও বলে শামসুন্নাহার। সে বলে, ‘ছোটবেলায় দেখতাম দাদু প্রথম আলো পড়তেন। সেই প্রথম আলোর সংবর্ধনায় আসলাম। দাদু বলতেন, যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। আজকের আমার সাফল্য দাদুকে দেখাতে পারলে ভালো লাগত। দাদু বেঁচে নেই; তাই নানাকে সঙ্গে নিয়ে এসেছি।’
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ শিক্ষার্থীদের সংবেদনশীলতা ও পরমতসহিষ্ণুতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘তোমরা জীবনে দুটি কথা মাথায় রাখবে সংবেদনশীলতা ও পরমতসহিষ্ণুতা।’ অন্যের মতো নিজের চিন্তা ও চেতনার সঙ্গে না মিললেও তা মেনে নেওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানান তিনি।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘তোমাদের মতো মেধাবীরা একদিন এ দেশের হাল ধরবে। আগামী দিনে অনেক বড় চ্যালেঞ্জ। তোমাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।’
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা। কুড়িগ্রামের গানের দল ‘ভ্রমর’ সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে কুইজ বিজয়ী ১০ জনকে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা ম্যাগাজিন এবং বই পুরস্কার দেওয়া হয়।
প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় দেশের ৬৪ জেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।