চট্টগ্রাম মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত নিয়ে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা। এ সময় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। আজ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের লালখান বাজার একটা রেস্তোরাঁয়
চট্টগ্রাম মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত নিয়ে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা।  এ সময় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। আজ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের লালখান বাজার একটা রেস্তোরাঁয়

চট্টগ্রাম নগর বিএনপির ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম নগর বিএনপির ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডের সব মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের গঠনতন্ত্র মেনে এসব কমিটি পুনর্গঠন করা হবে। আজ মঙ্গলবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়েছে।

নগর বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। যোগ্য ব্যক্তিদের মাধ্যমে এসব কমিটি পর্যায়ক্রমে গঠন করা হবে।

সংবাদ সম্মেলনে ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এরশাদ উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র চলছে। এ অপচেষ্টা রুখে দিতে নেতা-কর্মী ও দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান এরশাদ উল্লাহ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৭ জুলাই এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। পরে ৪ নভেম্বর ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্যসচিব নাজিমুর রহমান। উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম প্রমুখ।