
অভাব-অনটনের সংসার। অর্ধাহারে-অনাহারে জীবন কাটে পরিবারের পাঁচ সদস্যের। পেটের দায়ে পৈতৃক ভিটেমাটিও বিক্রি করেছেন অটোরিকশাচালক আজিজুল সরদার (৪২)। এ অবস্থায় দুই ছেলে-মেয়ের পড়াশোনা বন্ধ করে দেওয়ার উপক্রম হয় আজিজুলের। তবে আজিজুলের মেয়ে রিয়া আক্তার মেধাবী ছাত্রী। তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার খবরে এগিয়ে আসেন রিয়ার স্কুলের শিক্ষকেরা। সব বাধা পেরিয়ে এ বছর এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে রিয়া আক্তার।
রিয়া আক্তারের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ গোবর্ধন গ্রামে। এ বছর সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। তার ছোট ভাই ইয়াসিন আরাফাত শাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। রিয়ার বাবা আজিজুল ভূমিহীন। গ্রামে অন্যের জমিতে ছাপরা তুলে বাস করেন। রিয়া ভালো ফল করলেও তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছে পুরো পরিবার।
রিয়ার বাবা আজিজুল বলেন, মা, স্ত্রী আর দুই ছেলেমেয়েকে নিয়ে তাঁর পরিবার। অটোরিকশা চালিয়ে পরিবার নিয়ে ভালোই চলছিল তাঁর। তবে ২০১৭ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন থেকেই আর অটোরিকশা চালাতে পারেন না তিনি। এতে জীবিকার পথ বন্ধ হয়ে যায়। চিকিৎসার খরচ জোগাতে ২০১৮ সালে ভিটেমাটি সব বিক্রি করে দিতে হয়। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সে পড়াশোনা করে অনেক বড় হবে। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন পূরণ হবে কি না, সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
দেশে করোনা মহামারির শুরুর পর থেকে রিয়ার স্কুল বন্ধ হয়ে যায়। একদিকে আর্থিক টানাপোড়েন, অন্যদিকে করোনা মহামারি। এ অবস্থায় রিয়ার পড়াশোনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। তবে ঠিক আগের বছরই রিয়া জেএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। পঞ্চম শ্রেণিতেও মেধাবৃত্তি পায় সে। এমন মেধাবী ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছিল না রিয়ার শিক্ষকেরা।
সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক শ্রাবণী গাইন বলেন, ‘জেএসসিতে রিয়ার ফল খুব ভালো ছিল। কিন্তু তার লেখাপড়া বন্ধ হওয়ার বিষয়টি আমরা মেনে নিতে পারছিলাম না। তাই স্কুলের পক্ষ থেকে যোগাযোগ করে সহায়তার আশ্বাস দিয়ে তাকে স্কুলে ফিরিয়ে আনা হয়। অর্থের অভাবে রিয়া বিজ্ঞান বিভাগের পরিবর্তে বাণিজ্য বিভাগে ভর্তি হয়েছিল। কিন্তু অর্থের অভাবে রিয়া বিজ্ঞানে পড়ার সুযোগ পাবে না, এটা হতে পারে না। পরে আমি তাকে বিজ্ঞান বিভাগে ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমি তাকে বিনা মূল্যে প্রাইভেটও পড়িয়েছি।’
রিয়া আক্তার বলে, ‘টিউশনি করিয়ে নিজের পড়াশোনার খরচ নিজে জোগাড় করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু তাতেও বাবা রাজি হননি। পরে স্কুলের শ্রাবণী ম্যাডাম আর্থিক সহায়তার আশ্বাস দিলে বাবা লেখাপড়া করার অনুমতি দেন। তখন থেকে আমি দিনে টিউশনি করেছি। রাতে নিজের পড়াশোনা করেছি। ঠিকমতো বই-খাতা-কলমও কিনতে পারিনি। শ্রাবণী ম্যাডাম ও সহপাঠীদের কাছ থেকে বই এনে নোট করে পড়াশোনা করেছি। অনেক দিন ঘরে খাবার থাকত না। তবে লক্ষ্য পূরণের জন্য কোনো কিছুই আমার কাছে কষ্ট মনে হয়নি। এখন সব কষ্ট ভুলে গেছি।’
তবে কলেজে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় আছে রিয়া। সে বলে, ‘এসএসসিতে সফল হয়েছি ঠিকই, কিন্তু কলেজে কীভাবে ভর্তি হব আর খরচ কীভাবে জুটবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। পড়াশোনা শেষ করে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার ইচ্ছা আছে। কিন্তু সাধ্য কোথায়? স্বপ্ন পূরণ হবে কি না, জানি না।’
রিয়া আক্তারের মা সেলিনা বেগম (৩৭) অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। তিনি বলেন, ‘এত কষ্টের মধ্যেও মোর মায় (মেয়ে) যে পরীক্ষায় ভালো পাস করছে, এইয়া আল্লাহ্র দয়া ছাড়া আর কিছুই না। এহন কলেজে লেহাপড়ার লাইগ্যা মুই সকলের কাছে সাহায্য চাই।’
সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ বলেন, রিয়া আক্তার খুবই মেধাবী। তাকে সাহায্য করতে পারলে সে ভবিষ্যতে অনেক ভালো করতে পারবে। রিয়াকে সহযোগিতার জন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।