চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কবলিত বাস থেকে যাত্রীদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ দুপুর ১২টায়
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কবলিত বাস থেকে যাত্রীদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ দুপুর ১২টায়

সীতাকুণ্ডে ৩ গাড়ির সংঘর্ষে ১৬ জন আহত, বাসের খোল কেটে চালককে উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার সময় সীতাকুণ্ড পৌর সদরের মোস্তফা সিএনজি ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

আহত ১৫ জনকে দ্রুত উদ্ধার করা গেলেও আটকে পড়েন দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাসের চালক খোকন। বাসের সামনের অংশে দুমড়ে মুচড়ে যাওয়ায় আটকা পড়েন তিনি। স্থানীয় উদ্ধারকারীরা কোনোভাবেই তাঁকে বের করে আনতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ভারী লোহা কাটার যন্ত্র দিয়ে বাসের খোল কেটে প্রায় ২০ মিনিটের চেষ্টায় চালক খোকনকে জীবিত উদ্ধার করেন। দুর্ঘটনায় চালকের দুই পায়ের একাধিক স্থানে ভেঙে গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পাঁচজনকে ও ফায়ার সার্ভিসের সদস্যরা আরও ১১ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি উদ্ধার করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মতীন্দ্রলাল ত্রিপুরা প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসের স্টিয়ারিংসহ সামনের অংশের নিচে চাপা পড়েন চালক খোকন। তাঁরা ভারী যন্ত্র দিয়ে লোহা কেটে খোকনকে উদ্ধার করেন। চালক খোকনের দুই পায়ের একাধিক স্থানে ভেঙে যায়।

মতীন্দ্রলাল আরও জানান, তাঁদের আশঙ্কা ছিল, যদি কোনো কারণে লোহার আঘাতে পা কেটে যায়, তাহলে প্রচুর রক্তক্ষরণ হতে পারে। এতে চালকের মৃত্যুও হতে পারে। তাই তাঁরা কাটার মেশিন দিয়ে সতর্কতার সঙ্গে লোহা কেটে চালককে উদ্ধার করেছেন।

দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাসের যাত্রী মো. ইব্রাহিম বলেন, তিনি বাসের একেবারে পেছনের অংশের একটি আসনে ঘুমে ছিলেন। হঠাৎ বিকট শব্দ ও ঝাঁকুনিতে উঠে দেখেন গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। তিনি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে পড়েন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষে ১৬ জন আহত হন। এ সময় লোকজন ভিড় করেন দুর্ঘটনাস্থলে। আজ দুপুরে

প্রত্যক্ষদর্শী মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় অপর একটি পিকআপ আবার বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বিকট শব্দের সৃষ্টি হয়। তিনিসহ স্থানীয় লোকজন গিয়ে গাড়ির ভেতর থেকে যাত্রীদের নামিয়ে আনেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।