পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় নিরঞ্জন কুমার হালদারের জালে প্রায় ২০ কেজি ওজনের পাঙাশ মাছটি ধরা পড়ে। আজ মঙ্গলবার সকালে
পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় নিরঞ্জন কুমার হালদারের জালে প্রায় ২০ কেজি ওজনের পাঙাশ মাছটি ধরা পড়ে। আজ মঙ্গলবার সকালে

পদ্মায় ধরা পড়ল বড় পাঙাশ, ৩৩ হাজারে কিনলেন ঢাকার ব্যবসায়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ২০ কেজি ওজনের একটি পাঙাশ। মাছটি বিক্রি হয়েছে ৩৩ হাজার টাকায়।

আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাট মাছবাজারে নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের ভাষ্য, বর্ষায় নদ-নদীর পানি বাড়তে শুরু করায় পদ্মা ও যমুনায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। স্থানীয় জেলেদের পাশাপাশি মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জের জেলেরাও এখন মাছ ধরায় ব্যস্ত সময় পার করছেন।

আজ ভোরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার জেলেরা পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। তাঁদের মধ্যে থাকা নিরঞ্জন কুমার হালদারের জালে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পাঙাশটি ধরা পড়ে। সকাল সাড়ে সাতটার দিকে দৌলতদিয়া ঘাট মাছবাজারের কেছমত হালদারের আড়তে মাছটি নেওয়া হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, প্রায় ২০ কেজি ওজনের পাঙাশটি নিলামে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় কেনেন তিনি। পরে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর কাছে কেজিপ্রতি ৫০ টাকা করে লাভ রেখে ৩৩ হাজার টাকায় বিক্রি করে দেন।