লেখক-গবেষক মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের জানাজা। গতকাল শনিবার বিকেলে বটেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে
লেখক-গবেষক মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের জানাজা। গতকাল শনিবার বিকেলে বটেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে

গঙ্গাঋদ্ধি জাদুঘরের কাছেই চিরনিদ্রায় শায়িত হলেন হাবিবুল্লা পাঠান

উয়ারী-বটেশ্বরখ্যাত প্রত্নসম্পদ ও লোকসাহিত্য সংগ্রাহক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক-গবেষক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান নির্মাণাধীন গঙ্গাঋদ্ধি জাদুঘরের সড়কের পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গতকাল শনিবার বাদ আসর বটেশ্বর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে সন্ধ্যা ছয়টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর জানাজায় দূরদূরান্ত থেকে আসা অনেক মানুষ অংশ নেন।

মুহাম্মদ হাবিবুল্লা পাঠান

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদীর বেলাব উপজেলার বটেশ্বর গ্রামে নিজ বাড়িতে হাবিবুল্লা পাঠানের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বটেশ্বর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো দেখতে শত শত মানুষ তাঁর বাড়িতে যান। তাঁরা পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

জানাজার আগে পরিবারের সদস্যরা বলেন, হাবিবুল্লা পাঠান মৃত্যুর আগে তাঁর সারা জীবনের কর্ম উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের জন্য নির্মাণাধীন গঙ্গাঋদ্ধি জাদুঘর দেখে যেতে চেয়েছিলেন। জাদুঘরটির নির্মাণকাজ এখনো শেষ না হওয়ায় তিনি তা দেখে যেতে পারলেন না।