খুলনায় দূরপাল্লার গাড়িতে যাত্রী–খরা, অভ্যন্তরীণ রুটে গাড়ির সংকট

যাত্রীর অপেক্ষায় আছে গাড়িগুলো। রোববার দুপুরে খুলনার সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে
 ছবি: প্রথম আলো

চতুর্থ দফায় বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে আজ রোববার খুলনায় দূরপাল্লার গাড়িতে যাত্রী খরা দেখা দিয়েছে। আর অভ্যন্তরীণ রুটে দেখা দিয়েছে গাড়ির সংকট।আজ খুলনা-পাইকগাছা, খুলনা-সাতক্ষীরা রুটের গাড়ি চলছে না বললেই চলে। আর খুলনা-মোংলা, খুলনা-বাগেরহাট রুটের কিছু গাড়ি চললেও নির্ধারিত সময়ে ছাড়ছে না।

গাড়িতে যাত্রী ভর্তি হলে তবেই কিছু কিছু গাড়ি ছেড়ে যাচ্ছে। বিএনপির অবরোধ এবং খুলনায় প্রধানমন্ত্রীর জনসভার জন্য গাড়ি রিজার্ভ থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুলনার সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে আজ খুলনা-পাইকগাছা রুটের শাহেদ নামে একজন গাড়িচালকের কথা হয়। তিনি বলেন, ‘যাত্রী না হওয়ায় প্রতিদিনের বেতনের অর্ধেক টাকাও পাওয়া যাচ্ছে না। অনেক সময় পথখরচও উঠছে না। অবরোধের মধ্যে যাত্রী না হলেও প্রতিদিনই রাস্তায় গাড়ি বের করতে হয়েছে। এখন খুলনায় প্রধানমন্ত্রীর জনসভার জন্য আমাদের রুটের সব গাড়ি রিজার্ভ করা হয়েছে। আজ সন্ধ্যার পর সব গাড়ি নির্দিষ্ট জায়গায় চলে যাবে।’

খুলনা-মোংলা রুটের একটি কাউন্টারের কর্মী বলেন, মোংলার উদ্দেশে সকাল থেকে কিছু গাড়ি ছেড়ে গেছে। সেগুলো যাত্রী মোটামুটি ভালোই ছিল। তবে দুপুরের পর থেকে গাড়িচালক ও তাঁর সহকারীরা আর যেতে চাচ্ছেন না। কারণ, সব গাড়ি জনসভার জন্য রিজার্ভ হয়ে আছে। তাঁদের নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থান থেকে নেতা-কর্মীদের আনতে হবে। যাত্রী কম থাকায় মোংলা গিয়ে আবার যাত্রী ভরে নিয়ে ঠিক সময়ে ফিরতে পারবেন কি না, এই শঙ্কা থেকে তাঁরা যেতে চাচ্ছেন না।

তবে খুলনা থেকে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল করছে। অবরোধের অন্য দিনগুলোর মতো যাত্রী খরায় ভুগছে পরিবহনগুলো। খুলনার সোনাডাঙ্গা এলাকার ঢাকাগামী পরিবহনের কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, ঢাকার উদ্দেশে গাড়ি ছেড়ে যাচ্ছে, তবে নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না। কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী প্রায় সব পরিবহনের গাড়ি ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পরপর ছেড়ে যায়। তবে আজ যাত্রী কম থাকায় এসব গাড়ি ঠিক সময় ছাড়ছে না। আবার সোমবার খুলনায় প্রধানমন্ত্রীর জনসভার জন্য গাড়ি রিজার্ভ থাকায় বেশ কয়েকটি পরিবহনের গাড়ি একেবারে চলাচল করছে না।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সোনাডাঙ্গা কাউন্টারের কাউন্টার মাস্টার মো. রায়হান বলেন, যাত্রীর চাপ নেই। এ কারণে নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী গাড়ি ছাড়তে পারছেন না। তারপরও আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ১০-১২টা গাড়ি ছেড়ে গেছে। অন্য স্বাভাবিক সময়ে একই সময়ে এই সংখ্যা ২০ ওপরে থাকে।

আজ সকালে খুলনা থেকে সব ট্রেনই সূচি অনুযায়ী ছেড়ে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খুলনার রকেট ঘাট থেকে নির্ধারিত একটি রুটে চলা দুটি লঞ্চও ঠিক সময়ে ছেড়ে গেছে।

এদিকে আজ রোববার ভোরে তাঁতী দল খুলনা মহানগর শাখার ব্যানারে দৌলতপুর এলাকায় একটি ঝটিকা মিছিল করা হয়। তবে কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নগরের র‌্যাবসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে।