সড়কের পাশে রোপণ করা ২০টি তালগাছ উপড়ে ফেলা হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া খামারপাড়ায়
সড়কের পাশে রোপণ করা ২০টি তালগাছ উপড়ে ফেলা হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া খামারপাড়ায়

সিরাজগঞ্জে সড়ক সংস্কারের নামে উপড়ে ফেলা হয়েছে ২০টি তালগাছ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক সংস্কারের নামে বজ্রপাত প্রতিরোধের জন্য সড়কের দুই পাশে রোপণ করা ২০টি সরকারি তালগাছ উপড়ে ফেলা হয়েছে। উপজেলার কয়ড়া খামারপাড়া ও হোরগাঁতী এলাকায় বৃহস্পতি ও শুক্রবার দুই দিন ধরে তালগাছগুলো উপড়ে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের ঝুঁকি কমাতে প্রায় এক যুগ আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার কয়ড়া খামারপাড়া থেকে হোরগাঁতী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের পাশে তালগাছগুলো রোপণ করা হয়। বর্তমানে উপজেলার কয়ড়া ইউনিয়ন পরিষদের একটি উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক সংস্কারের কাজ করতে গিয়ে তালগাছগুলো উপড়ে ফেলা হয়েছে। সড়কের পাশে থাকা ফসলি জমি থেকে মাটি কেটে আনার সুবিধার জন্য এমনটি করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলার কয়ড়া খামারপাড়া গ্রামের নয়ন ইসলাম বলেন, ‘আমরা জেনেছি, বজ্রপাত থেকে সুরক্ষার কথা বিবেচনা করেই সরকারিভাবে বিভিন্ন সড়কের পাশে এসব তালগাছ লাগানো হয়েছিল। তালগাছগুলো বড় হয়ে উঠতে শুরু করেছে। হঠাৎ দুই দিন ধরে দেখছি, গাছগুলো উপড়ে ফেলা হচ্ছে। ইতিমধ্যে ২০টি গাছ উপড়ে ফেলা হয়েছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

প্রকল্পটির বাস্তবায়ন কমিটির সভাপতি ও কয়ড়া ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিরুল ইসলাম বলেন, সড়কের দুই পাশে থাকা তালগাছগুলো উপড়ে ফেলার বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি পদাধিকারবলে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হলেও মূলত কাজটির দেখভাল করছেন অন্যরা।

প্রকল্পটির কাজের তদারক করছেন কয়ড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক আবু বকর সিদ্দিক। তিনি বলেন, কাজের প্রয়োজনে স্থানীয় লোকজনের মতামতের ভিত্তিতেই গাছগুলো তুলে একটু দূরে সরিয়ে রাখা হয়েছে। কাজ শেষে আবার তালগাছগুলো যথাযথ স্থানে রোপণ করে দেওয়া হবে।

কয়ড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আলমগীর হোসেন বলেন, ‘সড়কের পাশে থাকা তালগাছ উপড়ে ফেলার বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। যে কারণে বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লাপাড়া উপজেলা বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী বন বিভাগের পূর্ব অনুমতি ছাড়া কোনো প্রকার গাছ কাটার সুযোগ নেই। সড়কের পাশে সরকারিভাবে লাগানো তালগাছের গুরুত্ব আরও অনেক বেশি। দ্রুত তদন্তসাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।