সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট
সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট

ভিডিও ভাইরাল

সন্দ্বীপ ফেরিঘাটে নারী যাত্রীদের যৌন হয়রানি, শুল্কপ্রহরী সাময়িক বরখাস্ত

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে নারী যাত্রীদের যৌন হয়রানির অভিযোগে মো. শাহজাহান আলী (৫৮) নামের এক শুল্কপ্রহরীকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ মঙ্গলবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

এর আগে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারী যাত্রীকে যৌন হয়রানির একটি ভিডিও ভাইরাল হয়। এরপর যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহজাহান আলীকে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্তের আদেশের চিঠিতে উল্লেখ করা হয়, ‘শাহাজাহান আলী কুমিরা-গুপ্তছড়া টার্মিনাল ঘাট এবং বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালনের সময় নারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এতে কর্তৃপক্ষের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ অবস্থায় কর্তৃপক্ষের কর্মচারী শৃঙ্খলাবিধি পরিপন্থী হওয়ায় দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।’

চট্টগ্রামের সন্দ্বীপের যাতায়াতের প্রধান মাধ্যম ফেরি ও যাত্রীবাহী জাহাজ। এ দুই নৌযান চলাচল করে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, শাহজাহান আলী এক নারী যাত্রীকে ভিড়ের মধ্যে যৌন হয়রানি করছেন। গত রোববার ভিডিওটি ভাইরাল হলেও ঘটনাটি ঘটেছে ১ জুন। ওই দিন সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ওই নারী যাত্রীবাহী জাহাজে ওঠার সময় ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজনের অভিযোগ, শুল্কপ্রহরীর একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে শুল্ক তোলার কথা থাকলেও তিনি নারীদের যৌন হয়রানি করার উদ্দেশ্যে ভিড়ের মধ্যে ঢুকে পড়েন। বিভিন্ন সময়ে যাত্রীরা বিষয়টি খেয়াল করেছেন। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁরা অভিযোগ দেন।

বরখাস্তের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর উপপরিচালক নয়নশীল প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি মাসের অর্ধেক দিন সন্দ্বীপ উপকূলে এবং বাকি অর্ধেক দিন বাঁশবাড়িয়া ঘাটে দায়িত্ব পালন করতেন। যাত্রীদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নারীদের যৌন হয়রানি করে আসছিলেন। ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই নিজ থেকে এ বিষয়ে অভিযোগ করেন। এরপর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।