কুমিল্লা মহানগর বিএনপি

পদ পাননি সক্রিয় নেতারা শুরুতেই আস্থার সংকট

বিএনপির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটির শীর্ষ পাঁচ পদে রয়েছেন জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের অন্তত পাঁচজন নেতা।

  • আহ্বায়ক কমিটির শীর্ষ পাঁচ পদে রয়েছেন জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতা।

  • জ্যেষ্ঠ নেতারা বেশির ভাগ কর্মসূচি থেকে দূরে থাকছেন।

বিএনপির লোগো

কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ পদে রয়েছেন জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতারা। অথচ পদ পাননি দলের অনেক সক্রিয়, ত্যাগী ও তৃণমূলের পরীক্ষিত নেতা। এ অবস্থায় শুরুতেই আস্থার সংকটে পড়েছে মহানগর বিএনপি। জ্যেষ্ঠ নেতারা বেশির ভাগ দলীয় কর্মসূচি থেকে দূরে থাকছেন। কেউ কেউ চাপে পড়ে দায়সারাভাবে অংশ নিচ্ছেন কর্মসূচিতে। মহানগর বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এ চিত্র উঠে এসেছে।

মহানগর বিএনপির ২৫ সদস্যের আহ্বায়ক কমিটির শীর্ষ পাঁচ পদে রয়েছেন জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতা। কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী ওরফে আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা ওরফে টিপু যথাক্রমে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন ওরফে পারভেজ মহানগর বিএনপির সদস্য। মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান ওরফে হেলেন মহানগর বিএনপির সদস্য।

তবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পাননি শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ওরফে ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম ওরফে মাসুক, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কুমিল্লা শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোজাহিদ চৌধুরী। দলের কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীরকে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. সেলিমও পদ পাননি।

বিলুপ্ত কুমিল্লা শহর বিএনপির সাবেক সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘মহানগর বিএনপির কমিটিতে কাদের পদ দেওয়া হয়েছে? এরা কারা? ওই কমিটিতে আমাদের স্থান হয়নি, এটা মেনে নিতে পারছি না।’

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন কমিটি দলীয় নেতা-কর্মীদের আস্থা তৈরি করতে পারেনি। জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে ৪৭ বছর বয়সের নিচের নেতাদের শীর্ষ পদে বসানো হয়েছে।

জানতে চাইলে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা বলেন, ‘যুবদলের কমিটি যখন হবে, তখন আমরা বিএনপির কমিটির নেতাদের বাদ দেব। সেই প্রক্রিয়া শুরু হয়েছে।’

অন্তত ছয়জন নেতা জানান, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এর প্রায় ১১ বছর পর গত ৩০ মে সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ৪৪ সদস্যবিশিষ্ট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামানকে আহ্বায়ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা ওরফে টিপুকে সদস্যসচিব করা হয়। ঘোষিত কমিটি নিয়ে ৩০ মে রাতে সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেন আহ্বায়ক আমিরুজ্জামান। কমিটিতে তাঁর অনুসারীরা প্রত্যাশিত পদ না পাওয়ায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর ৭ জুন দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমিরুজ্জামানকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্র। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় প্রথম যুগ্ম আহ্বায়ক শওকত আলী ওরফে বকুলকে। তিন মাস পর আগের কমিটি বাতিল করে ৩১ আগস্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে ২৫ সদস্যবিশিষ্ট কমিটিতে মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারীকে আহ্বায়ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লাকে সদস্যসচিব করা হয়। এর মধ্যে উদবাতুল বারী আগের কমিটির ১৪ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন। ইউসুফ মোল্লা সদস্যসচিব ও রাজিউর রহমান দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক পদেই বহাল থাকেন।

জানতে চাইলে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম কমিটির যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী বলেন, ‘আমি ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলাম। মহানগর বিএনপির ৪৪ জনের কমিটিতে ছিলাম। এখন ২৫ জনের কমিটিতে আমার নাম নেই। অথচ যাঁদের এখন যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তাঁদের চেয়ে আমাদের যোগ্যতা কোনো অংশে কম নয়। আমি মনে করি, বর্তমান কমিটিতে আমাদের সম্পৃক্ত করা উচিত।’।