
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে দুর্ঘটনার কারণে ওই এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ দিয়ে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ রোববার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।
রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় রেললাইনের পূর্ব পাশে পাহাড়ি ছড়া রয়েছে। সেখান থেকে অবৈধভাবে বালু তুলে একটি পিকআপ ভ্যান রেললাইনটি পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনার আগমুহূর্তে চালক লাফ দিয়ে বের হয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিকট শব্দ শুনে দুর্ঘটনা স্থলে এসে দেখি পাহাড়িকা ট্রেনের ধাক্কায় বালুবাহী একটি পিকআপ ভ্যানটি ছিন্নভিন্ন হয়ে গেছে। দুর্ঘটনার পর পাহাড়িকা ট্রেন না থেমেই চলে যায়।’
জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চল ফেনী এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শীল প্রথম আলোকে বলেন, অবৈধ ক্রসিং দিয়ে একটি পিকআপ ভ্যান রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি ওই স্থান দিয়ে অবৈধভাবে পারাপার বন্ধের উদ্যোগ নেওয়া হবে।’
জয়দেব শীল আরও বলেন, ‘দুর্ঘটনার কারণে লেন ক্ষতিগ্রস্ত হওয়ায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল শুরু হয়। চট্টগ্রামমুখী লেনও সচল করার চেষ্টা চলছে।’