রাঙামাটির বরকলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগাছড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহত তরুণ-তরুণী হলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে সুভাষ কান্তি চাকমা (২৭) ও ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকার একই এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমা (২৬)। এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করতে চেয়েছিলেন তাঁরা। সায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
বগাছড়ি এলাকার কারবারি প্রমিশ চাকমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিহত তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার সুভাষ কান্তি চাকমা বিয়ের প্রস্তাব নিয়ে ইনা চাকমার বাড়িতে গিয়েছিলেন। পারিবারিকভাবে তাঁদের বিয়ের কথাও এগোয়। তবে এ সময় ইনার পরিবার জানতে পারে, সুভাষ কান্তির আগে বিয়ে হয়েছে। তাঁর ঘরে স্ত্রী রয়েছে। তবে সুভাষ কান্তি অভিযোগ করেন। তিনি জানান, তাঁর আগে বিয়ে হলেও প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু গ্রামবাসী ও ইনার পরিবার এই যুক্তি মেনে নেয়নি। তাঁরা জানিয়ে দেন এ বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। সম্বন্ধ ভেস্তে যাওয়ায় অভিমান থেকে দুজন আত্মহননের পথ বেছে নেন।
ভূষণছড়া ইউনিয়নের প্রশাসক মো. রেজাউল করিম জানান, গ্রামের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণ-তরণীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় লাশ থানায় নিতে সময় লাগবে।
এ ব্যাপারে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।