পটুয়াখালীর মির্জাগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বাকেরগঞ্জ-বরগুনা সড়কের মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী চুন্নু সিকদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম মো. নজরুল ইসলাম। তিনি বরগুনায় জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কাঠীপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে মো. নজরুল ইসলাম নিজের মোটরসাইকেল চালিয়ে বরগুনায় যাচ্ছিলেন। বাকেরগঞ্জ-বরগুনা সড়কের কাঁঠালতলী চুন্নু সিকদারের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চত করে নজরুল ইসলামের শ্যালক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ছুটি ভোগ করে তিনি বাকেরগঞ্জ থেকে বরগুনায় যাচ্ছিলেন। হানিফ পরিবহনের চাপায় তাঁর ভগ্নিপতি নজরুলের পা ও মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ওই পুলিশ কর্মকর্তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি পথেই মারা গেছেন।
এ ব্যাপারে কাঁঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মোকাম্মেল হোসেন বলেন, ‘প্রথমে ৯৯৯ থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারি।’ তিনি আরও বলেন, হানিফ পরিবহনের চালক ও সহকারীকে গৌরনদী থানায় আটক করা হয়েছে এবং বাসটি গৌরনদী থানা হেফাজতে রয়েছে। তাঁদের মির্জাগঞ্জে আনার প্রক্রিয়া চলছে।