দিনাজপুরের নবাবগঞ্জ আ.লীগ

মধ্যরাতেও কমিটি ঘোষণা হলো না, নেতা–কর্মীদের বিক্ষোভ

গতকাল মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
ছবি: প্রথম আলো

দিনাজপুরের নবাবগঞ্জে দীর্ঘ ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হলেও কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে জেলা কমিটির নেতাদের মতপার্থক্য থাকায় নতুন কমিটি ঘোষণা করা হয়নি। গতকাল মঙ্গলবার সম্মেলনের পর মধ্যরাত পর্যন্ত স্থানীয় নেতা–কর্মীরা সম্মেলনস্থলে অপেক্ষা করতে থাকেন। তবে রাত পৌনে একটা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নেতারা কোনো সিদ্ধান্ত না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দলের স্থানীয় নেতা–কর্মীরা সড়কে নেমে বিক্ষোভ করেন।

গতকাল অনুষ্ঠিত সম্মেলনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা, সফুরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ। এ ছাড়া সম্মেলনের উদ্বোধন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেলে মোস্তাফিজুর নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পুরোনো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে সভাপতি পদের ১৭ জন ও সাধারণ সম্পাদক পদের ২১ জন প্রার্থীর জীবনবৃত্তান্ত জমা ও তাঁদের সাক্ষাৎকার নেন কেন্দ্রীয় কমিটির নেতারা। এদিকে কমিটির নতুন সভাপতি ও সম্পাদকের নাম শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে মাঠে অপেক্ষা করতে থাকেন স্থানীয় নেতা–কর্মীরা।

তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় সম্মেলনস্থল ত্যাগ করছিলেন কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা। এ সময় স্থানীয় নেতা–কর্মীরা রাস্তায় নেমে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে নেতা–কর্মীরা কেন্দ্রীয় নেতাদের গাড়ির সামনে বসে পড়েন। এ সময় স্থানীয় নেতা–কর্মীরা নতুন কমিটির ঘোষণা না শুনে পথ ছাড়বেন না বলে স্লোগান দেন। তখন অনেকটা বাধ্য হয়েই গাড়ি থেকে নেমে আসেন কেন্দ্রীয় নেতারা এবং স্থানীয় নেতা–কর্মীদের শান্ত করার চেষ্টা করেন।

রাত পৌনে একটার দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন স্থানীয় নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার বিষয়ে আমাদের সঙ্গে জেলা কমিটির নেতারা একমত পোষণ করেননি। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও সাধারণ সম্পাদকের নিকট বার্তা দিয়েছি। আমি আশা করছি, সকালে সভানেত্রী বার্তাটি দেখে আমাদের একটি সঠিক উত্তর জানাবেন।’

সাখাওয়াত হোসেন আশ্বাস দেন, আজ বুধবার সকালে নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার নেতারাসহ কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে নতুন কমিটি ঘোষণা করা হবে। পরে এ আশ্বাস শুনে চলে যান স্থানীয় নেতা–কর্মীরা।

জানতে চাইলে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, সভাপতি ও সাধরাণ সম্পাদক—দুই পদ নিয়েই কেন্দ্রীয় কমিটির সঙ্গে জেলা কমিটির নেতারা একমত পোষণ করতে পারেননি। তবে জেলা কমিটির পক্ষ থেকে এক দিনের সময় বেঁধে দেওয়া হয়। আজকের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করছেন তিনি।