খুলনা সিটি নির্বাচন

প্রতীক পেয়েই গণসংযোগে খালেক, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা শফিকুলের

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগ–মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক। আজ শুক্রবার সকালে খুলনা নির্বাচন কমিশন কার্যালয়ে
ছবি: সাদ্দাম হোসেন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রতীক পেয়েই প্রার্থীদের কেউ কেউ প্রচারণা শুরু করেছেন। আবার কেউ বিকেল থেকে প্রচারণা শুরু করবেন।

প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক। আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হন। এ সময় তিনি নিচে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। সরাসরি চলে যান দৌলতপুরে। সেখানে মহানগর আওয়ামী লীগের এক নেতার জানাজা শেষে বেলা পৌনে ১১টার দিকে নিউমার্কেট এলাকায় গিয়ে গণসংযোগ শুরু করেন।

গণসংযোগ শুরু করার আগে তালুকদার আবদুল খালেক সাংবাদিকদের বলেন, ‘জনগণ যে রায় দেবে, আমরা সেই রায় মেনে নেব। গাজীপুরে জনগণ যে রায় দিয়েছে, তা আমরা মেনে নিয়েছি। এর আগেও ২০১৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমি পরাজিত হয়েছিলাম, তা মেনে নিয়েই এ অঞ্চলের উন্নয়নে কাজ করেছি।’ তিনি আরও বলেন, ‘খুলনা শহরে উন্নয়ন হয়েছে, তবে তা দৃশ্যমান হতে আরও প্রায় ছয় মাস সময় লাগবে। ১ হাজার ৪০০ কোটি টাকার কাজ শেষ হলে খুলনা হবে তিলোত্তমা নগরী।’

গাজীপুর সিটি নির্বাচনে ইভিএমে ভোট দিতে ও গণনায় বিলম্ব হওয়ার ব্যাপারে জানতে চাইলে তালুকদার আবদুল খালেক বলেন, মানুষ ইভিএমে ভোট দিতে অভ্যস্ত নয়, এ কারণে ভোট দিতে দেরি হয়েছে। তবে একটু সময় লাগলেও ইভিএমে ভোট হয় স্বচ্ছ। এখানে কারচুপির সুযোগ থাকে না।

প্রতীক পেয়ে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মো. শফিকুল ইসলাম

সুষ্ঠু ভোট গ্রহণে শঙ্কা শফিকুলের

জাতীয় পার্টি থেকে মেয়র পদে নির্বাচন করছেন মো. শফিকুল ইসলাম। তিনি জেলা জাতীয় পার্টির সভাপতি। দলীয় লাঙ্গল প্রতীক নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হন সকাল সোয়া ১০টার দিকে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি আওয়ামী লীগ সরকার চায়, তাহলেই শুধু সুষ্ঠু নির্বাচন হবে। আর যদি তারা সেটা না চায়, তাহলে হবে না। পেছনের দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখা যাবে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদসহ যত নির্বাচন হয়েছে, তাতে আমি মনে করি, নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা নাগরিকদের আবার ফেরত দিতে হবে। আমি ভোটকেন্দ্রে গেলে ভোট দিতে পারব না—জনগণের মধ্যে যে এমন ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে, সেটা ফিরিয়ে দিতে হবে।’

নির্বাচনী পরিবেশ ভালো হবে না উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, ‘আজকে আমরা প্রতীক পেয়েছি, আজ থেকেই আমরা নির্বাচনী প্রচারণা শুরু করব। আমার মনে হয় নির্বাচনী পরিবেশ ভালো হবে না। কেননা, নির্বাচন কমিশন এতটা শক্তিশালী নয়।’
বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম হতে পারে বলে আশঙ্কা করছেন শফিকুল ইসলাম। বিকেলে ১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানান শফিকুল ইসলাম।

প্রতীক বরাদ্দ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দল থেকে মেয়র প্রার্থী মো. আবদুল আউয়াল

ভোটারকে কেন্দ্রে যাওয়ার আহ্বান আউয়ালের

ইসলামী আন্দোলন বাংলাদেশ দল থেকে মেয়র পদে নির্বাচন করছেন মো. আবদুল আউয়াল। তিনি সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় প্রতীক হাতপাখা নিয়ে বের হন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ আমাদের প্রতীক বরাদ্দ হলো। আমরা এত দিন প্রকাশ্যে কাজ করতে পারিনি, আজ থেকে আমরা প্রকাশ্যে জনগণের সামনে গণসংযোগ করব।’

আবদুল আউয়াল নগরবাসীর উদ্দেশে বলেন, ‘আমরা ইসলামী আন্দোলনের মাধ্যমে সিটির একটা পরিবর্তন করতে চাই, আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চাই, দূষণমুক্ত নগর গড়তে চাই। আপনারা ভোটের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন।’
আবদুল আউয়াল ভোটকেন্দ্রে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘অন্যায়ের প্রতিবাদ ভোটের মাধ্যমে করতে হবে। খুলনা শহরের সব স্তরের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

সুষ্ঠু ভোটের আশা সাব্বিরের

জাকের পার্টি থেকে মেয়র পদে নির্বাচন করছেন এস এম সাব্বির হোসেন। তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গোলাপ ফুল প্রতীক নিয়ে বের হন দুপুর পৌনে ১২টার দিকে। তিনি বলেন, ‘আগামীকাল থেকে প্রচারণা শুরু করা হবে। নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানো হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। বেশ উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়েই ভোট হবে আশা করি। ভোটারদের মধ্যে বেশ উৎসাহ কাজ করছে। যদি পরিস্থিতি এমন থাকে, তাহলে বেশ ভালো হবে।’

এদিকে বেলা ১১টার পর থেকে কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ শুরু হয়। খুলনা সিটি করপোরেশনের ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।