
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘উন্নয়ন নিশ্চিত করতে হলে সবাইকে সুশাসন ও শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। শুদ্ধাচারের মূল কথা হলো মানুষের চরিত্রের শুদ্ধতা আনতে হবে। ১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর বঙ্গবন্ধু বক্তৃতায় বলেছিলেন, “আমাদের উন্নয়ন ঘটাতে হলে চরিত্রবান মানুষ লাগবে। মানুষের চরিত্রে যদি শুদ্ধতা না থাকে, তাহলে আমাদের পক্ষে উন্নয়ন সম্ভব না।” প্রধানমন্ত্রী ওই জিনিসটা নিয়ে এসেছেন। গুড গভর্ন্যান্স নিশ্চিত করতে হলে শুদ্ধাচার, পারফরম্যান্স অ্যাগ্রিমেন্ট, রাইট টু ইনফরমেশন—এই দিকগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আয়োজনে বরিশাল বিভাগের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের চিকিৎসক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে স্বাস্থ্যশিক্ষায় শুদ্ধাচার ও সুশাসনবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার দুপরে বরিশাল নগরের বান্দরোডে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক সচিব ও এটুআইয়ের এইচ ডি মিডিয়া জ্যেষ্ঠ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার কামরুন নাহার, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সাইফুর হাসান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক সাহান আরা বানু, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।
কৃষি আর স্বাস্থ্য খাতে সবার আগে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আরও বলেন, ‘এ দুই খাতে সবার আগে গুরুত্ব দিতে হবে। তাই চিকিৎসার পাশাপাশি কৃষিকে আরও আধুনিকায়ন করা প্রয়োজন। যেহেতু রবি মৌসুমের প্রধান ফসল বোরো। এ জন্য এর উৎপাদন বাড়ানো জরুরি। ইতিমধ্যে দেশে বেশ কিছু ফসলের উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে। এগুলোর ফলন অনেক বেশি। এ ছাড়া সারের যথেষ্ট মজুত আছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তিন থেকে চার বছরের মধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাধীনতার পর দেশের স্বাস্থ্য খাতে যতগুলো সাফল্য আছে, তার মধ্যে বড় সাফল্য করোনা জয় করা। আর এ জয়ে বাংলাদেশ জাতিসংঘেও প্রশংসিত হয়েছে।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড নতুন ভবনে (কোভিড ওয়ার্ড) স্থানান্তরের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। কিন্তু নির্দেশ অনুসারে কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভাগের সচিব ও কর্মকর্তারা।
আজ দুপুরে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে যান। বিভাগের দেওয়ার নির্দেশ মোতাবেক কোনো কাজ না হওয়ায় সংশ্লিষ্টজনদের প্রশ্ন করেন তাঁরা।
হাসপাতালের পুরোনো ভবনের পূর্ব পাশে নির্মিত নতুন পাঁচতলা একটি ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে প্রায় দুই বছর আগে। পুরোনো ভবন থেকে নতুন ভবনে হাসপাতাল স্থানান্তর না হওয়ায় এর কারণ জানতে চান হাসপাতাল প্রশাসনের কাছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারের প্রশ্নের জবাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুর ইসলাম বলেন, নতুন ভবনে যে সংস্কার প্রয়োজন ছিল, তা করা হয়েছে, এখন স্থানান্তর করলেই হবে। কিন্তু মেডিসিন ওয়ার্ডের চিকিৎসকেরা সেখানে যেতে চাচ্ছেন না।
পরে সচিব বিষয়টি সম্পর্কে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রধান আনোয়ার হোসেনের কাছে কারণ জানতে চান। এ সময় তিনি যে যুক্তি দেন, সেটি খোঁড়া বলে ক্ষোভ প্রকাশ করেন সচিব। পরে হাসপাতাল পরিচালককে দ্রুত সময়ের মধ্যে মেডিসিন ওয়ার্ড হস্তান্তরের নির্দেশ দেন সচিব। কোনো কাজ বাকি থাকলে সেটিও দ্রুত সেরে ফেলার নির্দেশ দেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিষয়ে আলাপ করেন সচিব আনোয়ার হোসেন হাওলাদার। তিনি বলেন, ‘এই হাসপাতালে জনবলের কিছুটা ঘাটতি রয়েছে, সেটি দেখা হচ্ছে। আর চিকিৎসকের ঘাটতি বা আনা-নেওয়ার বিষয়টি থাকলে সেটিও দেখা হবে। তবে হাসপাতালে বরাদ্দ থাকা পদে সবাই রয়েছেন বলেই আমি জানি, তারপরও শূন্য থাকলে সেগুলো পূরণ করে দেওয়া হবে।’
হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনিয়ম রোধের বিষয়ে তিনি বলেন, ‘চতুর্থ শ্রেণির লোকজন আর আমরা দেব না। তাঁরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতাল জিম্মি করেন, এমন অভিযোগ আমাদের কাছেও রয়েছে। এ জন্য আমরা এখন থেকে আউটসোর্সিং করি। আউটসোর্সিংয়ে দিলে ভালো কাজ করলে থাকতে পারবে, নয়তো পরের বছর পাল্টে দেওয়া হবে।’