বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সরাসরি সম্প্রচার দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতে ক্যাম্পাসের জাকসু প্রাঙ্গণে
বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সরাসরি সম্প্রচার দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতে ক্যাম্পাসের জাকসু প্রাঙ্গণে

বিশ্বকাপ ফুটবল

স্টেডিয়ামের উল্লাস ছড়িয়েছে জাহাঙ্গীরনগরের বটতলায়

খেলায় যখন বিরতি চলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা ও জাকসু প্রাঙ্গণ তখন নীরব। পর্দা থেকে চোখ ফিরিয়ে একে অন্যের দিকে তাকাচ্ছেন। লিওনেল মেসির আর্জেন্টিনা কি তবে এবার নিরাশই করবে ভক্তদের! আশঙ্কা, তবুও চোখে আশা নিয়ে পর্দার সামনেই বসে ছিলেন হাজারো দর্শক।

কাতারের রাজধানী দোহায় আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের খেলার প্রথমার্ধে যখন পেনাল্টি পেলেন মেসিরা, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) প্রাঙ্গণে বাঁধভাঙা উল্লাস। মেসি সেই পেনাল্টি মিস করার পর দর্শকদের মাথায় হাত।

গতকাল বুধবার দিবাগত রাত একটায় খেলা শুরু হওয়ার আগেই জাকসু প্রাঙ্গণ ও বটতলা এলাকায় দর্শক ভরে যায় কানায় কানায়। এই দুই স্থানে বড় পর্দায় চলছে বিশ্বকাপ ফুটবলের সরাসরি সম্প্রচার। বিশ্বকাপ ফুটবলের শুরু থেকে শেষ পর্যন্ত বড় পর্দার এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা। বিশ্বকাপ শুরুর দিন থেকে এই দুই স্থানে দর্শকদের উপস্থিতি থাকে উপচে পড়া। প্রিয় দলের খেলা উপভোগ করতে জড়ো হন হাজারো শিক্ষার্থী।

আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের খেলার বিরতি শেষে ১ মিনিটের মাথায় আর্জেন্টিনার ফুটবলার ম্যাক অ্যালিস্টারের পা ছুঁয়ে বল যখন প্রতিপক্ষের গোলপোস্টে, তখন জাকসু প্রাঙ্গণে উল্লাস। স্টেডিয়ামের দর্শকেরা যখন চিৎকার করে গোল উদ্‌যাপন করছিলেন, সেই চিৎকার এসে মিশে যাচ্ছিল বটতলা এলাকায় আর্জেন্টিনা ভক্ত শিক্ষার্থীদের চিৎকারের সঙ্গে।

বড় পর্দায় খেলা দেখার সুযোগ থাকায় স্টেডিয়াম থেকে এত দূরে থাকলেও স্টেডিয়ামের আমেজই মিলছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মমিনুর রহমান। তিনি বলেন, ‘একসঙ্গে কয়েক হাজার দর্শকের উল্লাস এবং বড় পর্দায় খেলা দেখার কারণে বটতলায় বসেও মনে হয় স্টেডিয়ামেই বসে আছি। উন্মুক্ত স্থানে সব বন্ধুরা মিলে একসঙ্গে খেলা দেখার সুযোগ থাকায় আনন্দটাও বেড়ে যায়।’

৬৮ মিনিটের মাথায় দুই পোলিশ ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে আলভারেজ যখন জালে বল পাঠালেন জাহাঙ্গীরনগরের বটতলায় দর্শকদের উল্লাস তখন বাঁধ ভেঙেছে। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী হারুন-অর-রশিদ আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত। বটতলায় খেলা দেখা শেষে নেচে তিনি আর্জেন্টিনার জয় উদ্‌যাপন করছিলেন। তিনি বলেন, ‘আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের হট ফেবারিট। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ এটি। আমরা বিশ্বাস করি কাতার ২০২২ বিশ্বকাপের ট্রফি মেসির হাতেই উঠবে। আর্জেন্টিনা হবে বিশ্ব চ্যাম্পিয়ন।’

জাকসু প্রাঙ্গণ ও বটতলা দুই স্থানেই ছেলেমেয়ে সবাই মিলেমিশে খেলা দেখছেন নিয়মিত। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাবিলা তাবাসসুম বলেন, ‘দল বেঁধে উৎসব উপভোগ করার জন্য এমন আয়োজন অনবদ্য। বিশ্ববিদ্যালয়ে যত রাতই হোক না কেন, আমরা সেই উৎসবে যোগ দিতে পারছি। খেলা শেষে বন্ধুরা হল পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। পাশাপাশি আমরা ছাত্রীরা নিজেরাও দল বেঁধে হলে ফিরতে পারি।’

বিশ্ববিদ্যালয়ে বড় পর্দার ব্যবস্থা করেছে শাখা ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নির্মল বিনোদনের জন্যই আমাদের এই উদ্যোগ। সবাই একসঙ্গে বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করতে পারছি, আনন্দের সঙ্গে ফুটবলের জাদু ভাগাভাগি করতে পারছি।’