
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দাফনের সাত মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য রিয়াজ উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তির লাশ তোলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় এলাকায় পারিবারিক কবরস্থান থেকে লাশটি তুলে মর্গে পাঠায় পুলিশ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাউছার হামিদ ও পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক উপস্থিত ছিলেন। কাউছার হামিদ বলেন, নিহত ব্যক্তির বড় ভাইয়ের হত্যা মামলার পরিপ্রেক্ষিতে লাশ দাফনের সাত মাস পর আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।
নিহত রিয়াজ উদ্দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা হুরারপাড় এলাকার বাসিন্দা মৃত আবদুল মান্নানের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক বলেন, রিয়াজ উদ্দিন হত্যা মামলায় তাঁর স্ত্রী জোসনা বেগম ও আজমল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তাকে আদালত নিহত রিয়াজের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল হাদী রবিন বলেন, ২০২২ জুলাই মাসে রিয়াজ উদ্দিনের মৃত্যুর ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে আদালতে মামলা করেন। পরে আদালত মামলাটি রুজু করে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে মামলার তদন্তের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যা মামলার বাদী রকিব উদ্দিন বলেন, ‘গত বছরের জুলাই মাসে কৌশলে আমার ছোট ভাই রিয়াজ উদ্দিনকে হত্যা করা হয়েছে। এ হত্যার সুষ্ঠু বিচার চেয়ে ওই সময় আমি আদালতে একটি হত্যা মামলা করেছিলাম।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ময়নতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে দাফনের সাত মাস পর কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলো।