মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২ কনস্টেবল আহত

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের বন্দরে অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে বন্দর উপজেলার সোনাচোরা এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত ব্যক্তিরা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কনস্টেবল শরীফ হোসেন ও নাসির উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা আড়াইটার দিকে উপজেলার সোনাচোরা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় সোনাচোরা পুদলীপাড়া এলাকার মাদক ব্যবসায়ী হ‌ুমায়ূন, তাঁর সহযোগী কবির হোসেন, কালু মিয়া ও মনসুর বাবুকে মাদকসহ আটক করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে হ‌ুমায়ূন ও তাঁর সহযোগীরা অভিযান দলে থাকা কনস্টেবল শরীফ হোসেন ও নাসির উদ্দিনকে বুকে ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এলাকাবাসী দুই মাদক ব্যবসায়ীকে ধাওয়া দিয়ে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তুলে দেন। তবে তাঁদের নাম জানা যায়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা ভালো নয়।