পিরোজপুর জেলা আইনজীবী সমিতি ভবন
পিরোজপুর জেলা আইনজীবী সমিতি ভবন

আইনজীবীদের ওপর হামলা

পিরোজপুর আইনজীবী সমিতির সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে দুই পক্ষের হট্টগোলের জেরে বহিরাগত সন্ত্রাসীদের হামলা ও হাসপাতালে যাওয়ার পথে মারধরের অভিযোগে থানায় অভিযোগ জমা পড়েছে। আহত আইনজীবী সাঈদুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন খানকে প্রধান অভিযুক্ত করে ২৫ জনের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। আজ শুক্রবার বেলা ১১টায় তিনি প্রথম আলোকে বলেন, থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এখনো মামলা হয়নি। যাচাই–বাছাই করে মামলা রুজু করা হবে।

আইনজীবীদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতির দুটি পক্ষ সমিতির সভাকক্ষে মুলতবি ও তলবি সভা ডাকে। এক পক্ষে সমিতির সভাপতি মো. আলাউদ্দিন খান ও অন্য পক্ষে সাধারণ সম্পাদক এমডি আউয়াল নেতৃত্ব দিচ্ছেন। বেলা আড়াইটার দিকে সভাকক্ষে আইনজীবীরা উপস্থিত হলে জেলা আইনজীবী সমিতির সভাপতি (মেয়াদ উত্তীর্ণ কমিটি) মো. আলাউদ্দিন খান মুলতবি সভা শুরু করেন। এ সময় তিনি সাত সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি ঘোষণার চেষ্টা করেন।

সভার শুরুতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (বিশেষ পিপি) আবদুর রাজ্জাক খান (সাধারণ সম্পাদক পক্ষের) মুলতবি সভা ডাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুললে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে আইনজীবী সমিতির ভবনের বাইরে থাকা একদল বহিরাগত সন্ত্রাসী সমিতির গেট খুলে ভেতরে ঢুকে সাধারণ সম্পাদকের অনুসারীদের ওপর হামলা করেন। এতে সরকারি কৌঁসুলি (জিপি) প্রেমানন্দ হালদার, আইনজীবী আহসানুল কবির ওরফে কিমু ও তরুণ ভট্টাচার্য আহত হন।

আহত ব্যক্তিদের দেখতে পিরোজপুর সদর হাসপাতালে যাওয়ার পথে সন্ত্রাসীরা আইনজীবী সাঈদুর রহমানের ওপর হামলা চালান। এ সময় তাঁর সঙ্গে থাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (বিশেষ পিপি) আবদুর রাজ্জাক খানও আহত হন। আহত আইনজীবীরা সবাই সমিতির সাধারণ সম্পাদক পক্ষের।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হামলায় গুরুতর আহত সাঈদুর রহমানকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। তাঁর দুই পা ও বাঁ হাতে জিআই পাইপের আঘাতের গুরুতর জখম রয়েছে। আহত অন্য আইনজীবীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমডি আউয়াল বলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন খানের নেতৃত্বে বহিরাগত ব্যক্তিরা সভাকক্ষে ঢুকে হামলা করেন। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন খান বলেন, ‘আইনজীবীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের আমি চিনি না।’
উল্লেখ্য, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সবশেষ নির্বাচন গত বছরের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এ বছর ১৪ ফেব্রুয়ারির মধ্যে সমিতির নির্বাচন শেষ করে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল। কিন্তু জেলা আইনজীবী সমিতির নেতারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হন। পিরোজপুরে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা দীর্ঘদিন ধরে দ্বিধাবিভক্ত। একটি পক্ষ (সভাপতি পক্ষ) জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের অনুসারী। আরেকটি পক্ষ (সাধারণ সম্পাদক পক্ষ) পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারী।