বিএনপির সম্মেলনে নেতারা

সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়

বর্তমান সরকারের কাছে খালেদা জিয়া আতঙ্কের নাম। তাঁর জনপ্রিয়তাকে সরকার ভয় পায়। নির্বাচন থেকে খালেদা জিয়াকে বাইরে রাখতে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে সাজা দেওয়া হয়েছে। দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আজ শুক্রবার সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

দীর্ঘ ২০ বছর পর মির্জাগঞ্জে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে সব ষড়যন্ত্র মোকাবিলা করে এই সরকারের পতন ঘটাতে হবে বলে জানিয়েছেন নেতারা।

উপজেলার সুবিদখালী আশ্রাব কমিউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আশ্রাব আলী হাওলাদারের সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, জেলা বিএনপির সদস্যসচিব হাংশু সরকার প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বেলা সাড়ে ৩টায় তৃণমূলের ভোটে উপজেলা কমিটি গঠন করা হয়। এতে বিএনপি নেতা মো. শাহাবুদ্দিন নান্নু সভাপতি ও মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।