সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও এক দম্পতি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার বছের সরকারের ছেলে মোতালেব হোসেন (৪৫), তাঁর স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং ব্যাটারিচালিত অটোভ্যানের চালক আজুগড়া জামতৈল গ্রামের সোনাউল্লা মুন্সীর ছেলে নূরুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় মোতালেব হোসেনের মেয়ে ও ভ্যানের যাত্রী তামান্না খাতুন (১৬) গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোতালেব হোসেন আজ শুক্রবার সকালে তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে উপজেলার আজুগড়া এলাকা থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে ভ্যানটি মেঘুল্লা এলাকায় পৌঁছালে হঠাৎ এর এক্সেল রড ভেঙে যায়। এতে চালকসহ ভ্যানের সবাই সড়কের ওপর ছিটকে পড়ে যান। এ সময় এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ঢাকা এক্সপ্রেস বাসটি তাঁদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নূরুল ইসলাম ও যাত্রী ফজিলা খাতুন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোতালেব হোসেনের মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর ইমাম প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে আটকে আছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।