জামালপুরে ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে হুনুফা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হুনুফা বেগম বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় পলাশতলা গ্রামের আবদুল মুন্নাফের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুনুফা বেগম ব্যাটারিচালিত ভ্যানে ওই উপজেলার কর্ণঝোড়া এলাকায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বাট্টাজোড় সকাল বাজার এলাকায় তাঁর ওড়না চলন্ত ভ্যানগাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস পড়লে তিনি ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যানগাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছেন। ভ্যানগাড়িতে যাওয়ার সময় অসাবধানতার কারণে এমনটি ঘটেছে।