গোপালগঞ্জে ঘূর্ণিঝড়ের সময় গাছচাপায় প্রাণ গেল দুই নারীর

লাশ
প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া ও বাঁশবাড়ির চরপাড়া গ্রামে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এই দুই নারী হলেন উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের রেজাউল খার স্ত্রী শারমিন বেগম (২৫) ও বাঁশবাড়ির চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রোমেছা বেগম (৫৮)।

ওসি আবুল মনসুর বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে প্রবল বেগে বাতাস শুরু হলে টুঙ্গিপাড়ার পাঁচকাহনিয়া গ্রামের একটি খেজুরগাছ রেজাউল খার ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের মধ্যে থাকা রেজাউলের স্ত্রী শারমিন বেগম গাছচাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এর আগে রাত সোয়া আটটার দিকে একই উপজেলার বাঁশবাড়ি চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের ঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে। পরে ওই গাছ সরাতে গেলে রোমেছা বেগম গাছচাপায় নিহত হন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ঘূর্ণিঝড়ের সময় দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়িঘর ঠিক করে দেওয়া হবে।