
মুন্সিগঞ্জের সদর উপজেলায় মাদকসহ একাধিক মামলার এক আসামির মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের তেলির বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার পুলিশের ধাওয়া খেয়ে বিলের একটি ডোবায় ঝাঁপ দিয়েছিলেন ওই তরুণ।
নিহত তরুণের নাম মো. অন্তর। তিনি পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া এলাকার সোহেল মিয়ার ছেলে। অন্তর তাঁর বাবার সঙ্গে নানাবাড়ি ডিজ্ঞাভাঙ্গা এলাকায় বসবাস করতেন।
নিহতের বাবা সোহেল মিয়া বলেন, গতকাল সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন অন্তর। এরপর রাতে আর বাসায় ফিরেননি। পরে স্থানীয় লোকজনের কাছে খবর পান, রাতে পুলিশের ধাওয়া খেয়ে ডোবায় ঝাঁপ দেন অন্তর। আজ ছেলের মৃত্যুর খবর স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন সোহেল মিয়া।
স্থানীয় লোকজন জানান, তেলির বিলের ওই স্থানে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসত। সোমবার রাতে মাদক ব্যবসায়ী অলি, জীবন, রমজান, রিফাতসহ কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং জুয়া খেলছিলেন। পুলিশ আসার খবর পেয়ে সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ডোবায় ঝাঁপ দেন অন্তর।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান আজ সন্ধ্যায় প্রথম আলোকে জানান, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
রাতে অভিযানের বিষয়ে পুলিশের ওসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী রাতে কোনো অভিযান পরিচালনা করেনি। যতটুকু জানা গেছে, নিহত ব্যক্তি মাদক ও জুয়ায় আসক্ত ছিলেন। ওই পথ ধরে কয়েকজন ব্যক্তি লাইট জ্বালিয়ে যাচ্ছিলেন। তখন ভয়ে অন্তর ডোবায় ঝাঁপ দেন।