রাগ করে ট্রেনে ফরিদপুরে চলে আসা দুই শিশু বাড়ি ফিরতে চায়

বাবার সঙ্গে রাগ করে শনিবার সন্ধ্যায় ট্রেনে ফরিদপুর রেলওয়ে স্টেশনে এসে নামে শিশু দুটি
ছবি: প্রথম আলো

রাসেল ও রবিউল দুই ভাই। রাসেলের বয়স আট এবং রবিউলের সাত। বাবার সঙ্গে রাগ করে ট্রেনে ফরিদপুরে চলে এসেছে শিশু দুটি। অচেনা এলাকায় এসে একটি গাছের নিচে বসে কাঁদছিল তারা।

ফরিদপুর রেলস্টেশনের পাশের এ দৃশ্য নজরে আসে সিয়াম (১৯) নামের এলাকার এক তরুণের। এরপর তিনি শিশু দুটিকে নিয়ে আসেন রেলস্টেশনের পাশে অবস্থিত ২ নম্বর পুলিশ ফাঁড়িতে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুনীল কর্মকার প্রথম আলোকে বলেন, ট্রেনে করে ফরিদপুরে চলে আসা শিশু দুটি বাড়ি ফিরে যেতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে, তারা তাদের ঠিকানা বলতে পারছে না। একেক সময় একেক জায়গার কথা বলছে। তারা বাবার নাম বলেছে, জসিম শেখ। কখনো বলছে, বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায়। আবার কখনো বলছে, গাজীপুরের কালীগঞ্জে। তারা জানায়, তাদের মা ছোটবেলায় মারা গেছে। বাবা রাগারাগি করায় দুই ভাই আজ বাড়ি থেকে বের হয়ে বাসে করে ভাঙ্গায় আসে। পরে ট্রেনে করে ফরিদপুর স্টেশনে এসে নামে।

সুনীল কর্মকার আরও বলেন, সিয়ামসহ স্থানীয় কয়েক তরুণ শিশু দুটিকে ফাঁড়িতে নিয়ে এসেছে। বর্তমানে তাদের ফাঁড়িতে রাখা হয়েছে। একজন কনস্টেবলকে তাদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিয়াম ২ নম্বর পুলিশ ফাঁড়ির পাশে রেলক্রসিং সংলগ্ন একটি দোকান চালান। তিনি বলেন, ‘শিশু দুটি বাড়িতে ফিরতে চায়। দ্রুত যেন ওরা বাড়ি ফিরে যেতে পারে, সেটিই কামনা করি।’