ঘন কুয়াশায় আজকেও পদ্মায় দুই নৌপথে ফেরি চলাচল ব্যাহত

কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ সকাল ১০টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে
ছবি: প্রথম আলো

১৭তম দিনের মতো রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। তবে আগের মতো কোনো ঘাটেই যানজট তৈরি না হওয়ায় বিআইডব্লিউটিসিসহ ঘাট-সংশ্লিষ্ট সবাই তুলনামূলক স্বস্তিতে আছেন।

আজ শনিবার সকাল ৭টার পর থেকে পদ্মায় আরিচা ও কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আরিচা ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি এনায়েতপুরী আটকে যায়। এ ছাড়া আরিচা ও কাজিরহাট ঘাটে অন্য চারটি ফেরি নোঙর করে রাখা হয়। সাড়ে ৪ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার পর থেকে কুয়াশা কমতে থাকলে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এ ছাড়া পদ্মায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকাল সোয়া ৭টার পর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি রো রো ফেরি ও একটি ইউটিলিটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। সকাল সোয়া ১০টার দিকে কুয়াশা কিছুটা কমলে আরও তিনটি ফেরি ছাড়া হয়। তবে কিছুদূর যাওয়ার পর ওই তিন ফেরিও নদীতে গিয়ে আটকে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশা অনেক কমলে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাটে কাজি রাকিবুল হকের সঙ্গে কথা হয়। স্ত্রী, সন্তানসহ তাঁর পরিবারের সদস্যরা দুটি বাস নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইলে যাচ্ছেন। রাজবাড়ী থেকে খুব সকালে রওনা দিলেও তাঁরা কুয়াশার কারণে দৌলতদিয়া ফেরিঘাটে এসে আটকা পড়েন।

ফেরি চলাচল বন্ধ থাকলেও কোনো ঘাটেই যানজট দেখা যায়নি

কুষ্টিয়া থেকে আসা একটি বাসের তত্ত্বাবধায়ক আবদুস সালাম বলেন, তিন দিন ধরে ভোরের দিকে কুয়াশা কম ছিল। তবে আজ সকালে হঠাৎ করে অতিমাত্রায় কুয়াশা পড়তে শুরু করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, এই মৌসুমে ১৭তম দিনের মতো ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হয়েছে। তবে পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ কম থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট, কোনো ঘাটেই যানজট হয়নি। প্রায় সাড়ে চার ঘণ্টা পর দুই ঘাটেই ফেরি চালু হয়েছে।