রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার দলীয় নেতা–কর্মী নিয়ে মতবিনিময় সভার শুরুতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেন। বুধবার দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে
রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার দলীয় নেতা–কর্মী নিয়ে মতবিনিময় সভার শুরুতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দেন। বুধবার দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর মতে, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণের কারণে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ পরিস্থিতিতে ১১-দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে,আমাদের এমনটা মনে হচ্ছে না। সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েক শ মানুষ মারা গেছেন আহত হয়েছেন। নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে। পুলিশ প্রশাসনও দলীয়করণ হয়েছে। এখন যে অবস্থা,সে অবস্থায় স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। ১১-দলীয় জোট থেকে আমরা নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাবনা দেব। সেই প্রস্তাবনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হবে।’

‘আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চিরতরে বন্ধ’

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, বাংলাদেশের মানুষ ও ছাত্র-তরুণেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আওয়ামী লীগের বর্তমান তৎপরতা প্রতিবেশী দেশের কূটনৈতিক তৎপরতার অংশ। বাংলাদেশকে চাপে রাখতেই এ ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই আদর্শিক লড়াই। আওয়ামী লীগ পরাজিত হয়েছে, কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় আছে। তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলমান।’ তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ শক্তি এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।

ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্য

সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম। বক্তব্যে তিনি জানান, নাহিদ ইসলামের নেতৃত্বে সারা দেশে অঞ্চলভিত্তিক সমন্বয় সভা শুরু হয়েছে। এর উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি পর্যালোচনা, নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেওয়া এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়া। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজও চলছে।

সারজিস আলম বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করছেন। দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের কাজও চলছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন স্থানে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন সারজিস আলম। তাঁর ভাষ্য, প্রশাসন উদ্যোগ নিতে চাইলেও সরকারি দলের বাধার কারণে কিছু করতে পারছে না।

এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নেতা-কর্মীরা অংশ নেন। সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, ঢাকা বিভাগ-দক্ষিণের সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।