
মাদারীপুরে তোরণ নির্মাণকালে মাথায় বাঁশ পড়ে শাহাবুদ্দিন ব্যাপারী (৭৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে। শাহাবুদ্দিন ব্যাপারী সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া এলাকার আহমেদ ব্যাপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে জেলা যুবলীগের সহসম্পাদক সুমন তালুকদার কুমারটেক এলাকায় চারজন শ্রমিক নিয়ে একটি তোরণ নির্মাণ করছিলেন। তোরণটির উচ্চতা কম হওয়ার ওই সড়ক দিয়ে একটি কাভার্ড ভ্যান যাওয়ার সময় এতে ধাক্কা লাগে। এ সময় তোরণের একটি বাঁশ খুলে নিচে থাকা শ্রমিক শাহাবুদ্দিন ব্যাপারীর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।